যাত্রাবাড়ীতে পণ্যবাহী কভার্ড ভ্যানসহ ৩ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই হওয়া গার্মেন্টস পণ্যবোঝাই একটি কভার্ড ভ্যান যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের এ অভিযানে একটি ছোরা, একটি কাটার ও দুটি হাতুড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- সোহেল রানা, মোশারফ মুন্সী ও নবী হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যান ছিনতাই-ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
৭০ হাজার ইয়াবা উদ্ধার
মহানগর পুলিশের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রাক উদ্ধার করে গোয়েন্দারা।
এ সময় সইবুর রহমান ও শামীম আলী নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে
