২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ ঢাবি সিনেটে

মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের অবস্থান, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 12:17 AM

Updated : 20 Aug 2022, 11:28 AM

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৮টার পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিনেটের শীতকালীন অধিবেশনে এ প্রস্তাব গৃহীত হয়।

সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অধিবেশনে সভাপতিত্ব করেন। শীতকালীন অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইনসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনেটে খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি পাকিস্তানের সঙ্গে শিক্ষা সম্পর্ক ছিন্ন করার সিন্ডিকেটের সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়।

এ সময় বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের সিনেট সদস্যদের অনেকে অধিবেশন থেকে বেরিয়ে যান, তবে কেউ কেউ বের হননি।

পরে সিনেটের একাধিক সদস্য জিয়াউর রহমানের সমালোচনা করে মন্তব্য করলে অধিবেশনে থাকা সাদা দলের বাকি সদস্যরাও প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসেন।

সিনেটে বক্তব্যে উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কোনো অপপ্রয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় বরদাশত করতে পারে না। বাংলাদেশে গণহত্যা নিয়ে পাকিস্তানের মিথ্যাচারকেও আমরা মেনে নিতে পারি না। মুক্তিযুদ্ধে শহীদদের পরিসংখ্যান নিয়ে বিতর্কিত মন্তব্য করা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার শামিল।”

সিনেট সদস্যরা ডাকসু নির্বাচন, পড়াশোনার মান বৃদ্ধি, শিক্ষকদের মর্যাদা বাড়ানো, নতুন বিভাগগুলোর জন্য স্থান সংকুলান, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন, বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তা বৃদ্ধি, গবেষণা ভাতা বাড়ানো, সহযোগী ডিন নিয়োগ করাসহ বিভিন্ন প্রস্তাব করেন।

অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে বলেন, “এই সরকার আমাদের। এ জন্য আমরা অনেক ধৈর্য ধরে এগিয়েছি। সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো পূরণ করা হয়নি। আমরা সাফল্য না নিয়ে ঘরে ফিরে যাব না।”

অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান শিক্ষকদের গবেষণা ভাতা বাড়ানো, সহযোগী ডিনের পদ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ডাকসু নির্বাচন, শিক্ষকদের ওরিয়েন্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়া ও যানজট নিরসনের দাবি জানান।

প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ হচ্ছে। কিন্তু কীভাবে এর স্থান সংকুলান করা হবে, কীভাবে যোগ্য শিক্ষক পাওয়া যাবে, কীভাবে অর্থায়ন হবে, এর সঠিক দিকনির্দেশনা প্রয়োজন।”

অধ্যাপক আ জ ম শফিউল আলম ভূইয়া ডাকসু নির্বাচন, শিক্ষকদের জন্য ৩০ লাখ টাকার স্টাডি লোন চালুসহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রস্তাব তোলেন।

অধিবেশনে সিন্ডিকেটের জন্য তিনজন সিনেটের প্রতিনিধি- রেজিস্টার্ড গ্রাজ্যুয়েট প্রতিনিধি হিসেবে বাহলুল মাজনুন চুন্নু, শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক নাজমা শাহীন এবং বিশিষ্ট নাগরিক হিসেবে একে এম সামসুজ্জামান খান নির্বাচন করা হয়। এছাড়াও অধ্যাপক ফরিদ উদ্দিনকে ফাইন্যান্স কমিটির প্রতিনিধি নির্বাচন করা হয়।