২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ‘বেড়েছে’

আগের বছরের তুলনায় ২০১৫ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়েছে বলে একটি বেসরকারি সংগঠন জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 09:46 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

‘সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি’ নামের একটি সংগঠন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কমপক্ষে ৩৭৩ জন শ্রমিক মারা গেছেন।

২৬টি স্থানীয় ও জাতীয় দৈনিক সংবাদপত্র পর্যবেক্ষণ করে এই সংখ্যা পাওয়া গেছে বলে তারা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংবাদপত্রের ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, বিগত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সারা দেশে শুধু কর্মক্ষেত্র দুর্ঘটনায় ৩৭৩জন শ্রমিক নিহত হয়েছেন। মোট ২৮২টি কর্মক্ষেত্র দুর্ঘটনায় এসব শ্রমিক মারা যান।”

২০১৪ সালে কর্মক্ষেত্রে ২৭১টি দুর্ঘটনায় মোট ৩২০ জন শ্রমিক মারা যান বলে এতে বলা হয়।

তাদের তথ্য অনুযায়ী, নির্মাণ খাতে দুর্ঘটনায় সবচেয়ে বেশি শ্রমিক মারা গেছেন ১৪৭ জন, যা মোট নিহতের প্রায় ৪০ শতাংশ।

দুর্ঘটনায় প্রাণহানির দিক দিয়ে এর পরেই রয়েছে হোটেল, ওয়ার্কশপ ও বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের মতো সেবামূলক প্রতিষ্ঠান; এক্ষেত্রে নিহত হয়েছেন ১০১ জন।

অন্যদিকে কল-কারখানা ও অন্যান্য উৎপাদনশীল প্রতিষ্ঠানে দুর্ঘটনায় মারা গেছেন ৯৩ জন। এছাড়া কৃষিতে ছয়জন এবং পরিবহন খাতে দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে।

সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিকের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, যার সংখ্যা মোট ১১০ জন।

এছাড়া আগুনে পুড়ে মারা গেছেন ৩১ জন; শক্ত বা ভারী বস্তুর আঘাত বা তার নিচে চাপা পড়ে ৪৭ জন; ছাদ, মাঁচা বা উপর থেকে পড়ে ৪৪ জন; ছাদ বা দেয়াল ধসে ২৩ জন এবং সেপটিক ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ২৩ জন শ্রমিক মারা গেছেন।

Image
গত ১০ নভেম্বর মুন্সীগঞ্জে একটি কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে একজন নিহত এবং অন্তত চারজন আহত হন।

গত ১০ নভেম্বর মুন্সীগঞ্জে একটি কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে একজন নিহত এবং অন্তত চারজন আহত হন।

এছাড়া অন্যান্য কারণে ৯৫ জন শ্রমিকের মৃত্যু হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বয়লার, কেমিকেল বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; মেশিনে বা ফিতায় জড়িয়ে যাওয়া, সড়ক দুর্ঘটনা, ভূমি ধস, পানিতে ডুবে যাওয়া এবং বজ্রপাত প্রভৃতি রয়েছে।

সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা বলেন, “এ জরিপ প্রতিবেদনে নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া যায় না। কেননা অনেক দুর্ঘটনার সংবাদ পত্রিকায় প্রকাশিত হয় না।”

তিনি বলেন, “মারাত্মক অবহেলার কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং সেপটিক ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে।

“কখনও কখনও এমনও মনে হয়- শ্রমিকদের মৃত্যু যেন কোনো ঘটনাই নয়। কেননা তেমন কোনো খরচ ছাড়া শুধু সচেতনতার মাধ্যমেই এসব মৃত্যু প্রতিহত করা সম্ভব।”

দুর্ঘটনা কমিয়ে আনতে অ্যাকর্ড ও অ্যালায়েন্স যেভাবে তৈরি পোশাক কারখানার নিরাপত্তার বিষয়ে কাজ করছে সে ধরনের উদ্যোগ প্রতিটি সেক্টরের জন্য নেওয়া প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।

কর্মক্ষেত্র দুর্ঘটনা রোধে যথাযথভাবে শ্রম আইন অনুসরণ করে প্রতিটি কারখানায় বা শিল্প প্রতিষ্ঠানে সেইফটি কমিটি গঠন, হাই কোর্টের রায় মেনে কোড এনফোর্সমেন্ট অথরিটি গঠন করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ যথাযথ বাস্তবায়ন, আইন বাস্তবায়নে রাজউক ও কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার মনিটরিং ব্যবস্থা জোরদার করা, প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও স্বাস্থ্য নীতি প্রণয়ন, নির্মাণ কাজ শুরুর আগে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও অনুসরণ, বিনামূল্যে কর্মরত শ্রমিকদের যথাযথ ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম দেওয়া, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং যথাযথভাবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের সুপারিশ করা হয়েছে।