মৃত্যুবার্ষিকীতে মণি সিংহের প্রতি শ্রদ্ধা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও মুক্তযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা মণি সিংহের ২৩তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতারা।
সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে শ্যামপুর শ্মশানে মণি সিংহের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় সিপিবির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, সাদেকুর রহমান শামিম, নারায়ণগঞ্জ জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য দুলাল সাহা, সিপিবি ঢাকা কমিটির নেতা বিকাশ সাহা, জাহিদ হোসেন খান, রতন কুমার দাস, সাইফুল ইসলাম সমির, আবু তাহের বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাজ্জাদ জহির চন্দন ও রুহিন হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় নেতারা।
মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে ‘কমরেড মণি সিংহ মেলা’ শুরু হয়েছে, যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
