২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবতেদায়ীতে দেশসেরা ডেমরার দারন্নাজাত সিদ্দীকিয়া

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় দেশসেরা ফল করেছে রাজধানীর ডেমরার দারন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

এই মাদ্রাসার ১৯০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১০০ জন।

শিক্ষা মন্ত্রণালয় জেএসসি-জেডিসি এবং এসএসসি ও এইচএসসিতে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা না করার সিদ্ধান্ত নিলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবারও সেই তালিকা করেছে।

সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেতে অনেক প্রতিষ্ঠানই অনিয়ম করে- এমন অভিযোগের ভিত্তিতে চলতি বছর থেকে সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রণয়ন বাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ইবতেদায়ীতে এবার ৯৫ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে ৫ হাজার ৪৭৩ জন।

নিবন্ধিত ছাত্র-ছাত্রীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার এবং পরীক্ষায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের হারের ভিত্তিতে সারা দেশের সেরা ১০ মাদ্রাসার তালিকা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ হিসাবে ডেমরার দারন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা পেয়েছে সর্বোচ্চ স্কোর ৮৪.১৮।

টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ৮২.৪১ স্কোর নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। মাদ্রাসার ২৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮৫ জন।

৭৯.৮০ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টের তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। মাদ্রাসার ১৮৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন।

তালিকায় এরপর রয়েছে যথাক্রমে- নোয়াখালীর মিরওয়ারিশপুর সিনিয়র মাদ্রাসা (স্কোর ৭৫.৮৩), ফেনীর বিরিঞ্চি ছুফিয়া নূরিয়া সিনিয়র আলীম মাদ্রাসা (স্কোর ৭১.৪৫), বগুড়ার বার আঞ্জুল দারুল আমান বালক দাখিল মাদ্রাসা (স্কোর ৬৪.৩৬ পয়েন্ট), ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (স্কোর ৬৩.৩৯), নোয়াখালীর বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা (স্কোর ৬৩.৩৮), ঢাকার তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা (স্কোর ৬৩.০৩) এবং গাজীপুরের লালদিঘী জান্নাতুল বাকী দারুল উলুম দাখিল মাদ্রাসা (স্কোর ৬২.৭৭)।