দুই মহাসড়কের চার লেইন উদ্বোধন জুনের মধ্যে, আশা মন্ত্রীর
সব কাজ শেষ করে আগামী জুনের মধ্যে একসঙ্গে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেইন উদ্বোধন করতে চায় সরকার।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সাংবাদ সম্মেলনে এ আশাপ্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৯২ কিলোমিটার দীর্ঘ চারলেন প্রকল্পের ১৮৪ কিলোমিটারের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে, ৬ কিলোমিটারের কাজ এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে শেষ হবে। বাকি ২ কিলোমিটার চলে যাচ্ছে মহীপাল ফ্লাইওভারে।
“আনুষঙ্গিক কাজ ও ফাইনাল টাচ দিয়ে মে জুনের মধ্যে উদ্বোধন করতে চাই,” বলেন তিনি।
আগামী মে মাসের মধ্যে সব কাজ শেষ করার কথা বলে ওবায়দুল কাদের বলেন, “ছোট কিছু কাজে কিছু দিন সময় যাবে। সব কাজ শেষ হওয়ার পর হয়ত মে-জুন মাসে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এই রকম চিন্তা ভাবনা করছি। মে মাসের মধ্যে (কাজ শেষ করার) টার্গেট।”
একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেইনও উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, “দুটোই আমরা এক সাথে উদ্বোধন করব।”
অবশ্য এর আগে গত জুনের মধ্যে ঢাকা-ময়মনসিংহ ও ডিসেম্বরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে উন্নীত করার কাজ শেষ করার সম্ভাবনা জানিয়েছিলেন মন্ত্রী।
এ বছরের শুরুতে গত ২৫ জানুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্ন-উত্তর পর্বে এ আশার কথা বলেছিলেন মন্ত্রী ওবায়দুল কাদের। ওই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।
