২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ অস্বীকার ও ক্ষতিপূরণ আইন প্রণয়নে আলোচনা

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে দুটি আইন প্রণয়নে আইন কমিশনের সঙ্গে বৈঠক করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির একটি প্রতিনিধিদল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার বিকেলে ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ ও ‘মুক্তিযুদ্ধের ভিকটিমদের ক্ষতিপূরণ আইন’ প্রণয়ন বিষয়ে ওই বৈঠক হয়।

কমিশনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে নির্মূল কমিটি তাদের গবেষণা ও লেখালেখি ছাড়াও সংগ্রহে থাকা সংশ্লিষ্ট আইনগুলো তুলে ধরে।  

আইন কমিশনের পক্ষে কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সদস্য সাবেক বিচারপতি এ টি এম ফজলে কবীর ও সদস্য অধ্যাপক এম শাহ আলম আলোচনায় অংশ নেন।

আর নির্মূল কমিটির পক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, উপদেষ্টা ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, সহ-সভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সাধারণ সম্পাদক কাজী মুকুল ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার তুরিন আফরোজ উপস্থিত ছিলেন।

আলোচনা প্রসঙ্গে শাহারিয়ার কবির বলেন, “ইউরোপে একটি আইন আছে হলোকস্ট ডিনায়েল অ্যাক্ট। এটি হলো গণহত্যাকে চ্যালেঞ্জ করলে তাকে শাস্তি পেতে হবে।

“আমাদের এখানে শুধু গণহত্যা না, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে; স্বাধীনতার ঘোষণাপত্রকে অস্বীকার করা হয়েছে। সেজন্য আমরা বলছি মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন নিয়ে ভাবার জন্য।”

অপর যে আইন প্রণয়ন নিয়ে কথা হয়েছে সেটি হলো মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গ।  

শাহরিয়ার কবির বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার ও শাস্তি হয়েছে, আমরা বলছি তারা তো একাত্তরে গণহত্যার জন্য শাস্তি পেয়েছে। ৪৪ বছর ধরে শহীদ পরিবারগুলো যে ভোগান্তি, দুঃসহ যাতনা ভোগ করেছে সেই অপরাধের কিন্তু বিচার হয়নি। সেজন্য আমরা বলেছি গণহত্যাকারী যাদের বিচার হয়েছে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি সবকিছু বাজেয়াপ্ত করতে হবে এবং ভিকটিমদের দিতে হবে।”

বাংলাদেশ সরকার ৪৪ বছরেও পাকিস্তানের কাছে একাত্তরের গণহত্যার জন্য কোনো ক্ষতিপূরণ দাবি করেনি বলেও জানান শাহরিয়ার কবির।

তিনি বলেন, “সরকার যেটা দাবি করেছে, সেটি হচ্ছে পাকিস্তানের কাছে আমাদের যা সম্পদ পাওনা আছে সেটা দাবি করেছে। কিন্তু আমরা মনে করি এই ক্ষতিপূরণ চাইতে হবে, মুক্তিযুদ্ধে তারা যে গণহত্যা করেছে, যে ধ্বংসযজ্ঞ করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে তাদের।

“জার্মানি এটা দিচ্ছে। সর্বশেষ ২০০৬ সাল পর্যন্ত আমরা দেখেছি। এত বছর পর যদি জার্মানি এটা দিতে পারে, বাংলাদেশ কেন পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাইবে না? চাইলে পাকিস্তান না দিলে তখন আমরা আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিকভাবে সেটা প্রয়োগ করতে পারি।”

শাহরিয়ার কবির বলেন, “প্রথমটার ব্যপারে আইন কমিশন বলেছে ইতোমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছেন। দ্বিতীয়টার ব্যপারে তারা বিবেচনা করবে, গুরুত্ব সহকারে আমাদের বক্তব্য শুনেছে, এটাও তারা আশ্বাস দিয়েছে করবেন।”

মুক্তিযুদ্ধ অস্বীকার আইন প্রণয়নের কথা কোন প্রেক্ষাপটে বলছেন- এমন প্রশ্নে তিনি বলেন, “কিছু সংখ্যক মানুষের মধ্যে যে বিভ্রান্তি আছে, এটা বন্ধ করতে গেলে আইন দরকার। আইন বিচার ছাড়া এটা বন্ধ হবে না।”

বৈঠক শেষে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়েছিল- ১৯৭৩ সালের আইনে ক্ষতিপূরণের বিধান যুক্ত করা, নাকি নতুন করে আইন করার প্রস্তাব করেছেন?

জবাবে তিনি বলেন, “আমরা যেটা সুপারিশ করেছি, আলাদা আইন হলে ভাল হয়। আমরা মনে করি ১৯৭৩ সালের আইনে কোনো সংযোজন না করে বরং ক্ষতিপূরণ এবং সম্পত্তি বাজেয়াপ্তে নতুন আইন করার জন্য। ”