২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার না পাওয়ার শঙ্কায় নিহত শিশু সান্ত্বনার পরিবার

গাজীপুরের শিশু সান্ত্বনা রানী দাসের হত্যাকারীদের শাস্তি দাবিতে এক সংবাদ সম্মেলনে তার পরিবার বিচার না পাওয়ার শঙ্কা প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 01:42 AM

Updated : 22 Aug 2022, 02:24 PM

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নাগরিক উদ্যোগ’ নামক একটি সংগঠনের উদ্যোগে এই সংবাদ সম্মেলনে সান্ত্বনার পরিবারের সদস্যরা ‍উপস্থিত ছিলেন।

নাগরিক উদ্যোগের সমন্বয়ক আফসানা আমিন বলেন, গাজীপুরের পুবাইল সাপমারা গ্রামের নিরঞ্জন রবিদাসের ৮ বছরের মেয়ে সান্ত্বনাকে পুবাইলের নয়ানী পাড়া এলাকায় হত্যা করা হয়। জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা হলেও পুলিশ এখনও খুনি চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি।

লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষ হলেও পুলিশ এই বিষয়েও সান্ত্বনার পরিবারের কাউকে কিছু জানায়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

জুতা মেরামতকারী নিরঞ্জন রবিদাস বলেন, “আমি একটি হত্যা মামলা দায়ের করেছি, কিন্তু এখনও পুলিশ কাউকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি। আমি মেয়ে হত্যার বিচার চাই। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করা হোক।”

দলিত এই শিশু হত্যামামলার দ্রুত তদন্ত এবং খুনিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি প্রত্যাশা দাবি জানিয়েছে নাগরিক উদ্যোগ।