২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবি

দৈনিক প্রয়োজনীয় ক্যালরি ও খাদ্যের বর্তমান বাজারদর বিবেচনায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যুনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিকদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 06:00 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

মঙ্গলবার সকালে সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের এক হিসাব তুলে ধরে বলা হয়, ১০ ঘণ্টা কাজ করলে একজন পুরুষের প্রতিদিন ন্যূনতম ৩ হাজার ৩৬৪ এবং নারী শ্রমিকের ২ হাজার ৪০৬ ক্যালরি শক্তির প্রয়োজন হয়।

বর্তমান বাজারে ওই পরিমাণ খাদ্য এবং আনুষঙ্গিক মিলিয়ে পাঁচ সদস্যের এক পরিবারের মাসিক খরচ দাঁড়ায় কমপক্ষে ২৪ হাজার ৫৫০ টাকা।

সেই হিসাবে পরিবারের সদস্য সংখ্যার হেরফেরে প্রতি গার্মেন্ট শ্রমিকের জন্য ন্যূনতম ১৫ হাজার টাকা মজুরির দাবি জানানো হয়।

সভায় সংহতি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহম্মদ।

গার্মেন্টসহ সকল প্রতিষ্ঠানের শ্রমিকের প্রতি সরকারের ‘উদাসীনতা’র অভিযোগ তুলে সিপিবি সভাপতি সেলিম বলেন, “সরকার তাদের পিওন আর চাপরাশিদের বেতন নির্ধারণ করেছে ১৩ হাজার ৮০০ টাকা।

“এদের চেয়ে গার্মেন্টসের শিক্ষানবিস শ্রমিকের দক্ষতা অনেক বেশি। সরকারের উচিত শ্রমিকের ন্যূনতম বেতনও ১৫ হাজার টাকা নির্ধারণ করা।”

বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, গার্মেন্ট শ্রমিকদের যে বেতন দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় কম।

“আমেরিকার একজন শ্রমিকের ন্যূনতম বেতন ঘণ্টায় ১৫ ডলার। ওই বেতনে পোশাক বানাতে হলে আমাদের শ্রমিকের ন্যূনতম বেতন হবে দুই লাখ ৮৮ হাজার টাকা। অথচ ৫ হাজার ৩০০ টাকা দিয়ে এখানে কাজ করানো যায়।”

শ্রমিকের বেতন বৈষম্য নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সকল শ্রমিক সংগঠনের প্রতি আহবান জানান।

সরকারকে সরকারি চাকুরিজীবীদের বাইরের লোকদের নিয়েও ভাবতে হবে বলে মন্তব্য করেন আরেক আলোচক আনু মুহম্মদ।

“ন্যূনতম বেতন দারিদ্র্যসীমার উপরে থাকতে হবে। এখন যে বেতন কাঠামো আছে তাতে দারিদ্র্যসীমা থেকে শ্রমিককে বের করে আনা যাবে না।”

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন।