২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় তুরাগ বাঁধে চলছে বস্তি উচ্ছেদ

উড়াল সড়ক ও চার লেনের রাস্তা নির্মাণের জন্য রাজধানীর তুরাগ নদীর তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 04:21 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

ঢাকা জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার বেলা ১২টার দিকে উত্তরার আবদুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী হাকিম মশিউর রহমান।

কোনো নোটিস না দিয়েই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে বস্তির বাসিন্দারা অভিযোগ তুললেও ডিএমপির পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে।

মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার লেনের রাস্তা ও উড়াল সেতু নির্মাণের জন্য এ উচ্ছেদ অভিযান চলছে। প্রাথমিকভাবে নিজ উদ্যোগে স্থায়ী-অস্থায়ী সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের একঘণ্টা সময় দেওয়া হয়।

“১৯৮৮-৮৯ অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই জমি অধিগ্রহণ করে ঢাকা শহর সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে, যার উপর দিয়ে পরে দুই লেনের রাস্তা নির্মাণ করা হয়। পাউবোর অনুমতি নিয়েই জনস্বার্থে এ অভিযান চলছে।”

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী রিফাত জামিল বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের অনুরোধে নিবার্হী ম্যাজিস্ট্রেট পুলিশের সহায়তায় এ অভিযান চালাচ্ছেন।

দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আবদুল্লাহপুর থেকে কামারপাড়া এলাকায় মহসড়কের দুই পাশের এসব নিচু জায়গায় শ্রমিকরা বুলডোজার দিয়ে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করছে।

এই এলাকায় টিনের কাঁচা ঘর তৈরি করে কয়েক হাজার মানুষ বাস করছেন। তাদের অনেকেই অভিযোগ করলেন, হঠাৎ করেই সকালে ‘বিনা নোটিশে’ পুলিশ তাদের ঘর ছেড়ে চলে যেতে বলছে।

সরকারের জায়গা জেনেও নিরুপায় হয়ে তারা এই এলাকায় থাকছে জানিয়ে তাদের পুর্নবাসনের জন্য সরকারের কাছে দাবি জানায়।

২৫ বছর ধরে কামারপাড়া বস্তিতে থাকা রেহানা বেগম (৫৫) বললেন, “কোনো নোটিস ছাড়াই পুলিশ সকালে আমাদের বাসা ছেড়ে চলে যেতে বলে। আমরা কি করব, কোথায় যাব- কিছুই বুঝতেছি না। বাড়ির মালপত্র না সরালে সেগুলো নিলামে তুলে দেওয়ারও হুমকি দিছে।”

৩৮ বছর আগে জামালপুর থেকে ঢাকায় এসে এই বস্তিতে বসবাস করছেন বৃদ্ধ মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, “গত কয়েক বছরে ‘মানবিক’ এবং ‘ব্র্যাক’ নামের দুই এনজিও থেকে এখানে ঘর তুলার কথা বলে লোন নিছিলাম। ঘর বাড়ি না থাকলে কীভাবে লোনের টাকা দেব। কোথায় রাতে মাথা গুজব সেটার কোনো উত্তর কারও কাছে পাই না।”

প্রতিবন্ধী সন্তানকে জড়িয়ে কাঁদতে কাঁদতে মর্জিনা বেগমের আর্তি, “স্বামী ছোট মুদির দোকান চালায়। তিন জনের সংসারে অনেক কষ্ট করে চলতে হয়। এখন সন্তান নিয়া কই যাব জানি না।” 

নোটিসের বিষয়ে ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্ছেদের আগে সবাই বলে থাকে তাদের নোটিশ দেওয়া হয় না।

“অবৈধভাবে যারা দীর্ঘদিন এখানে বসবাস করছে, ব্যবসা করছে তাদের বহু আগেই এই জায়গা ছেড়ে চলে যেতে অনুরোধ করা হয়েছে।”