২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটান পার্লামেন্টের অনুমোদন পাচ্ছে বিবিআইএন-এমভিএ

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) সড়ক যোগাযোগের আওতায় ‘মোটর ভেহিকেল এগ্রিমেন্ট’ ভুটানের পার্লামেন্টে আগামী অধিবেশনে অনুমোদন পাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

বাংলাদেশ সফররত ভুটান পার্লামেন্টের উচ্চ কক্ষ ন্যাশনাল কাউন্সিল অব ভুটানের চেয়ারপারসন সোনাম কিংগা রাষ্ট্রপতি আবদুল হামিদকে এ কথা জানিয়েছেন।

সোমবার বিকালে সোনাম কিংগার নেতৃত্বে প্রতিবেশী দেশটির ন্যাশনাল কাউন্সিলের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় ভুটানের ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বলেন, সার্কভুক্ত দেশ বিশেষ করে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে তার দেশ আগ্রহী। কাউন্সিলের আগামী অধিবেশনে এই চুক্তি পার্লামেন্টের অনুসমর্থন পাবে।”

ভুটান পার্লামেন্টের পরবর্তী অধিবেশন আগামী জুন মাসে বসবে।

বিবিআইএন-এমভি চুক্তি বাস্তবায়িত হলে ভুটান বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে পারে।

প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্টপ্রতি মুক্তিযুদ্ধে ভুটানের সমর্থনকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। রাষ্ট্রপতি এসময় বলেন, ভুটান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু।”

বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ভুটানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান মুক্তিযোদ্ধা আবদুল হামিদ।

দু’দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করতে আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশ যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায়।

ভুটান-বাংলাদেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ফলে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

প্রেস সচিব বলেন, “ভুটানের ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান এ সময় বলেন, দু’দেশের পার্লামেন্টের মধ্যে সম্পর্ক খুবই চমৎকার। তার এই সফরের মধ্যে দিয়ে দু’দেশের পার্লামেন্ট ও জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

চেয়ারম্যান এসময় ভুটানের রাজার শুভেচ্ছা রাষ্ট্রপতিকে পৌঁছে দেন।