ভোট সুষ্ঠু হবে, অভয় দিচ্ছে ইসি
দুদিন পর পৌরসভা নির্বাচনে প্রচারের শেষ সময়ে কোথাও ‘বড় ধরনের’ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় সুষ্ঠুভাবে ভোট হবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার পৌর ভোটের প্রচারের শেষ দিন দুপুরে শেরেবাংলা নগরের কার্যালয়ে নির্বাচনের পরিবেশ ও ভোটের প্রস্তুতি নিয়ে কথা বলেন কমিশনার মো. শাহনেওয়াজ।
তিনি বলেন, “ভোটের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। মঙ্গলবার ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। এখন পর্যন্ত মাঠের যে খবর পেয়েছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী- নির্বাচন সুষ্ঠু হবে।”
ভোটে অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে শাহনেওয়াজ বলেন, “ভোটারদের আশ্বস্ত করতে চাই- আমরা পর্যাপ্ত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করেছি। আপনারা নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, কোনো সমস্যা হবে না।”
বুধবার অনুষ্ঠেয় ২৩৪ পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ হাজারের বেশি প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন।
‘প্রচার শেষে বহিরাগতরা চলে যান’
এ বিষয়ে শাহনেওয়াজ বলেন, “সোমবার রাত ১২টার পর সব ধরনের প্রচারণা বন্ধ। আমরা নির্দেশনা দিয়েছি-আজকে দিবাগত রাত ১২টার পর থেকে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়তে বলেছি। যারা এলাকার ভোটার না তাদের আমরা এলাকা ছাড়তে বলেছি।”
এ জন্যে রিটার্নিং অফিসারদের সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইন-শঙ্খলা বাহিনীও পরিপত্র জারি করেছে বলে জানান তিনি।
দলভিত্তিক পৌর নির্বাচনে কেন্দ্রীয় নেতারা এখন প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছে। গত এক সপ্তাহ ধরে আওয়ামী লীগ-বিএনপিসহ অধিকাংশ দলের কেন্দ্রীয় নেতারা রয়েছেন মাঠে।
কারও নাম উল্লেখ না করে এ নির্বাচন কমিশনার বলেন, “যে যে এলাকার ভোটার তারা সেখানে থাকবেন, আর যারা বহিরাগত তারা নির্বাচনী এলাকা ছেড়ে যাবেন। কোনো পজিশন ছাড়াই বলছি-যারা নির্বাচনী এলাকার ভোটার না তারা ওই এলাকা ছেড়ে চলে যাবেন।”
ইতোমধ্যে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় কয়েকজন সাংসদকেও এলাকা ছাড়তে বলেছে ইসি।
অনিয়ম ও হুমকির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
সাম্প্রতিক জঙ্গি হুমকির বিষয়ে শাহনেওয়াজ বলেন, “এ বিষয়টি দেখার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। আমাদের সব ধরনের নির্দেশনা রয়েছে, যা যা ব্যবস্থা নেওয়া দরকার তারা সে বিষয়ে ব্যবস্থা নেবে।
"যেখানে তারা মনে করবে আইন-শৃঙ্খলা বাহিনী বেশি প্রয়োজন, তারা সেখানে বাড়াবে। আমাদের তাতে কোনো আপত্তি থাকবে না।”
অনিয়ম রোধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এই নির্বাচন কমিশনার।
“আমরা কঠোর নির্দেশনা দিয়েছি-যারা দায়িত্ব অবহেলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অব্যবস্থপনা বা অনিময় হলে যেন তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হয়।”
বিএনপির অভিযোগ ‘বাড়তি’
ভোটের আগে বিএনপি পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছে।
দলটির নানা অভিযোগের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, “প্রতিদ্বন্দ্বি দল যারা থাকবে তারা অভিযোগ করবে- এটা একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমরা যেগুলো বাস্তবসম্মত পেয়েছি- সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।”
সবগুলো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
“যারাই অভিযোগ করছে আমরা সেগুলো খতিয়ে দেখেছি। অভিযোগ সবসময় বাড়তি হয়ে যায়। তারপরও যেগুলো বাস্তব সেগুলো ব্যবস্থা নিতে কার্পণ্য করছি না আমরা।”
দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবার পৌরভোটে অংশ নিচ্ছে। তাদের ২২৫ জন প্রার্থী রয়েছে মেয়র পদে। সেই সঙ্গে তাদের কয়েকটি শরিক দলও ভোটে রয়েছে।
আওয়ামী লীগসহ ২০টি দলের সাড়ে ছয় শতাধিক এবং স্বতন্ত্র ২৮৮ জন প্রার্থী রয়েছে মেয়র পদে।
আইনশৃঙ্খলা মনিটরিং সেল ইসিতে
নির্বাচন পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনকে প্রধান করে সাত সদস্যের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের একজন পুলিশ সুপার (এসপি), বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাব, আনসার ও ভিডিপির মেজর পর্যায়ের কর্মকর্তা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন'র (এপিবিএন) সহকারী পুলিশ সুপার অথবা অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা।
এ তথ্য জানিয়ে নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম বলেন, নির্বাচনের দিন কমিটি ২৩৪ পৌরসভার আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি ও পর্যবেক্ষণ করবে।
কমিটি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ইসিকে অবহিত করবে এবং প্রয়োজনে ইসির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে জানাবে বলে জানান এই ইসি কর্মকর্তা।
মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সোয়া লাখ সদস্য
ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর এক লাখ ১৭ হাজার ৩০৪ জন সদস্য মাঠে পর্যায়ে দায়িত্ব পালন করবে বলে জানান ইসির উপসচিব সামসুল আলম।
এর মধ্যে প্রায় ৪৫ হাজার পুলিশ সদস্য, বিজিবি'র নয় হাজার ৪১৫ জন, র্যাবের আট হাজার ৪২৪ জন, কোস্টগার্ড ২২৫ জন, আনসার-ভিডিপি ৪৯ হাজার ৭২৮ জন এবং ব্যাটালিয়ন আনসার থাকবে চার হাজার ৫১২ জন।
