জনগণ ঘুরে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা ও চট্টগ্রামে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড এদেশের মানুষ পছন্দ করে না এবং তারা এখন এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বাংলাদেশে সাংগঠনিক তৎপরতার খবর নাকচ করে তিনি বলেছেন, ষড়যন্ত্র করে বাংলাদেশে তাদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা চলছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের তৎপরতা আগেই ধরে ফেলছে দাবি করে রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “গোয়েন্দা বাহিনী সব কয়টি অপতৎপরতা বন্ধ করে দিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে, আজকে হাটহাজারীতে একটা প্রচেষ্টা নিতে যাচ্ছিল, সেগুলো ধরা পড়েছে। মিরপুরে একটা আস্তানা করেছিল সেগুলো ধরা হয়েছে। যেখানে তারা একটা কিছু করার প্রচেষ্টা নিচ্ছে তা ধরা হচ্ছে।”
গত বৃহস্পতিবার মিরপুরের শাহ আলী থানার একটি বাড়িতে অভিযান চালিয়ে জেএসবির তিন সদস্যকে আটকের পাশাপাশি হাতে তৈরি গ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। রোববার চট্টগ্রামের হাটহাজারীর একটি বাসায় জেএমবির একটি আস্তানা থেকে স্নাইপার রাইফেল, বিস্ফোরক, গুলি ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার হয়েছে।
জনগণের সহায়তার এগুলো ধরা সম্ভব হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশবাসী ঘুরে দাঁড়িয়েছে, জনগণ এগুলো পছন্দ করে না। অপকর্ম যারা করতে চাচ্ছে জনগণ তাদের তথ্য দিয়ে ধরিয়ে দিচ্ছে। সেজন্য জোর গলায় বলতে পারি, এ ধরনের অপচেষ্টার স্থান কোনো দিন বাংলাদেশে হবে না।”
শুক্রবার রাজশাহীতে আহমদিয়াদের মসজিদে বোমা হামলায় আইএসের দায় স্বীকারের খবর নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই। এগুলো সবই হয়েছে ষড়যন্ত্র, একটা নীলনকশা সফল করার জন্য চেষ্টা হচ্ছে।”
দেশের অভ্যন্তরীণ জঙ্গি গোষ্ঠীগুলো কোনো কিছু ঘটিয়ে আইএসের নাম ব্যবহারের চেষ্টা করছে এবং বিদেশি একটি ওয়েবসাইট তাতে সহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, “এখানে যারা জেএমবি, তারাই আল-কায়েদা, তারাই আনসার উল্লাহ বাংলা টিম, আজকে তারা আইএস নামে সাইনবোর্ড ব্যবহার করে একটা প্রচেষ্টা নিচ্ছে।
“দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এখানে। যখনই এ ধরনের একটা ঘটনা ঘটে- কন্ট্রাক্ট কিলিং বা উদ্দেশ্যমূলক তখনই একটা সাইট থেকে বলা হয় তা আইএস করেছে।”
মসজিদে বোমা হামলাসহ ঢাকা ও রংপুরে দুই বিদেশিকে হত্যা এবং পুরান ঢাকায় শিয়া সমাবেশে হামলার ঘটনায় আইএসের দায় স্বীকারের খবর দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টিলিজেন্স গ্রুপ।
তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যে সাইটে বলা হয়, সেটা পরিচালনা করে বাগদাদ বংশোদ্ভূত ইহুদি একজন মহিলা। তিনি প্রচার করেন যে, ওখানে একটা কর্মকাণ্ড হযেছে।”
দুই বিদেশি হত্যা ‘কন্ট্রাক্ট কিলিং’ দাবি করে তিনি বলেন, “চেজারে তাভেল্লাকে হত্যা করার জন্য কারা অর্থ দিয়েছিল তা সবাই জানে, আর আইএসের স্বীকারের কথা একটা সাইট থেকে বলা হচ্ছে। তাই বলছি, এগুলো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র।”
আইএস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, “এদেশের মানুষ ধর্মীভীরু, ধর্মান্ধ নয়। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
