২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ হকের জন্মদিনে প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিনে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজেস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 04:26 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনা ও শেখ রেহানার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল রোববার দুপুরে লেখকের গুলশানের বাসায় শুভেচ্ছার ফুল পৌঁছে দেন।

কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছোটগল্পসহ সাহিত্যের নানা শাখায় বিচরণকারী সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।

তার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সৈয়দ শামসুল হক জন্মজয়ন্তী উদযাপন পরিষদ’ শিল্পকলা একাডেমিতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

শেখ হাসিনা ও শেখ রেহানার শুভেচ্ছা পাওয়ার পর তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সৈয়দ হক বলেন, ‘বাঙালির বাতিঘর’ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, বঙ্গবন্ধুর কন্যারা চান, সৈয়দ শামসুল হক এবং তার কলম ‘শতায়ু হোক’।

লেখকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, ছেলে, পূত্রবধূ, নাতী-নাতনীসহ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই সাহিত্যিকের হাত দিয়ে ‘খেলারাম খেলে যা’, ‘নীল দংশন’, ‘মৃগয়া’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘আয়না বিবির পালা’সহ বহু পাঠকপ্রিয় বই এসেছে। 

তার লেখা নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও ‘নুরল দীনের সারাজীবন’ বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।