মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান স্পিকারের
বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার পাশাপাশি মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
‘বৈশাখী টেলিভিশনের’ একাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেছেন, “সৎ-নির্ভীক-বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় বৈশাখী টিভি অবদান রেখে যাবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে উদ্বুদ্ধ করবে আমাদের প্রত্যাশা।”
রোববার সংসদ ভবন এলাকার এলডি হল চত্বরে এই অনুষ্ঠানে কেক কেটে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন স্পিকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেলক হক অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশসহ সারা বিশ্বে জঙ্গিগোষ্ঠী শ্যেন দৃষ্টি দিয়েছে। এই অবস্থায় বৈশাখী টিভি মুক্তিযদ্ধের চেতনায় এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।”
অন্যদের মধ্যে কলামনিস্ট আবুল মকসুদ, বৈশাখীর প্রধান সম্পাদক টিপু আলম মিলন ও লেখক আনিসুল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।
২০০৪ সালে যাত্রা শুরু করা বৈশাখী টেলিভিশন মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে ২০১০ সালে নতুন আঙ্গিকে নতুন লোগো নিয়ে দর্শকদের সামনে আসে। শনিবার রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন।
