সিলেট ‘পরিবেষ্টিত’ রাষ্ট্রপতি
সিলেট যাওয়ার আগে রাজধানীতে এক অনুষ্ঠানের মঞ্চে অতিথিদের মধ্যে এই বিভাগের বাসিন্দাদের আধিক্য দেখে স্বভাবসুলভ হাস্যরস করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার প্রথম জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপ্রধান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধান বিচারপতি এস কে সিনহা অনুষ্ঠানমঞ্চে রাষ্ট্রপতির পাশেই ছিলেন।অর্থমন্ত্রীর বাড়ি সিলেটে, প্রধান বিচারপতির বাড়ি বৃহত্তর সিলেটের মৌলভীবাজারে।
আবদুল হামিদ বলেছেন, “আমার একপাশে মাননীয় প্রধান বিচারপতি, যার বাড়ি বৃহত্তর সিলেটে। আরেকপাশে মাননীয় অর্থমন্ত্রী, তার বাড়ি সিলেট।
“আমার বাড়ি কিশোরগঞ্জ, যার বর্ডারে বৃহত্তর সিলেট। আজকে বক্তৃতা শেষ করে আমি যাচ্ছিও সিলেট।”
ওই অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে সিলেট রওনা হন রাষ্ট্রপতি। সেখানে সিলেট ওল্ড ক্যাডেটস অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা।
রাষ্ট্রপতি হওয়ার পর সিলেটে প্রথম সফরে হজরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.)-এর মাজার জিয়ারতের কথাও রয়েছে তার।
অনুষ্ঠানে লিখিত বক্তব্যের বাইরে আইনজীবী আবদুল হামিদ আরও বলেন, “এই বিচার বিভাগীয় পরিবারের সঙ্গে আমার সবচেয়ে বেশি সময় কেটেছে। সবার কথা শুনতে পারলে ভালো হত।
“আসলে সিলেটের কর্মসূচি পূর্ব থেকে ঠিক করা। এটা বরং পরে আসছে। যদি এটা আগে আসত, তবে অন্য কোনো কর্মসূচির প্রশ্নই উঠত না।”
বিচারকদের এই ধরনের সম্মেলনের ধারাবাহিকতা থাকার আশা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, “আশা করি, প্রথম এই সম্মেলনের এটাই শেষ নয়।”
