পেট্রোলবোমায় ফাঁসাতে গিয়ে ধরা
রাজধানীর বংশালের বেচারাম দেউড়ির একটি ভবনের ছাদ থেকে ছয়টি পেট্রোলবোমা উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় সেখানে বোমা থাকার তথ্যদাতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-১০ এর এএসপি সাজ্জাদ হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বেচারাম দেউড়ির একটি তিনতলা ভবনের ছাদ থেকে ছয়টি পেট্রোলবোমা ও আট বোতল রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রথমে ওই ভবনের মালিককে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, “পরবর্তীতে তদন্ত করে জানা যায়, যে ব্যক্তি ওই ভবনের ছাদে বোমা আছে বলে খবর পাঠিয়েছে তিনিই বোমাগুলো ওখানে রেখে ভবন মালিককে ফাঁসাতে চেয়েছিলেন।”
পরে তথ্যদাতা রাজুকে গ্রেপ্তার করা হয়। রাজু ওই ভবন মালিকের চাচাতো ভাই।
তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা সাজ্জাদ জানান।
