‘নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চান খালেদা’
একে একে শীর্ষ যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর হতে থাকায় শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা স্বস্তি পেলেও আজও তাদের বয়ে বেড়াতে হচ্ছে অনেক ‘নিগ্রহের’ যন্ত্রণা।
জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে শুক্রবার এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার, শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ এবং শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূরের বক্তব্যে উঠে আসে তাদের সেই যন্ত্রণার কথা।
একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের সহায়তায় অনেকের সঙ্গে এই তিন বুদ্ধিজীবীকেও হত্যা করে।
বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদের ফাঁসি হওয়ায় সন্তোষ প্রকাশ করে শমী কায়সার বলেন, এবারের ১৪ ডিসেম্বরের সকালটা ছিল ‘একেবারেই অন্য রকম’।
“আমি বুক ভরে শ্বাস নিয়েছি, এই শান্তি মুখে প্রকাশ করার নয়।… যুদ্ধাপরাধীদের বিচার হবে- এটা এক সময় স্বপ্ন ছিল। তখন মনে ক্ষোভ ছিল, যন্ত্রণা ছিল, মন ছোট ছিল।”
নব্বইয়ের দশকের জনপ্রিয় এই টিভি অভিনেত্রী বলেন, বিএনপি-জামায়াত আমলে যুদ্ধাপরাধীরা মন্ত্রী হওয়ার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন- কারও কাছেই আর শহীদদের গল্প বলবেন না।
“এমন সময় গেছে- যখন আমরা শহীদদের সন্তানরা বাবা-মায়েদের কথা বলতে পারতাম না। তাদের কথা বললে নিগৃহীত হতে হতো, নিষ্পেষিত হতে হতো।
“প্রতিদিনই আমাদের কাছে যন্ত্রণার, এটি সত্যি। এমন একটি দিনও যায় না যেদিন বাবার কথা মনে করি না। মনে হয় আব্বু বেঁচে থাকলে এটা করত, ওটা করত…,” আবেগে কণ্ঠ থেমে যায় শমীর।
তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশে বাবা ছাড়া বড় হয়েছি এটা আমার আপরাধ নয়। বাবার বয়স যখন ২৫ বছর তখন থেকে তার ৩৭ বছর বয়স পর্যন্ত তিনি জেলে কাটিয়েছেন।”
বাংলাদেশের একটি প্রজন্ম ‘ভুল ইতিহাস জেনে’ বড় হয়েছে মন্তব্য করে শমী বলেন, তাদের কাছে মুক্তিযুদ্ধের কথা বারবার বলতে হবে।
শহীদুল্লাহ কায়সায়ের অপ্রকাশিত লেখা নিয়ে পরিবারের পক্ষ থেকে একটি বই প্রকাশ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ পর্যন্ত চার যুদ্ধাপরাধীর ফাঁসি হওয়ায় শহীদ সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের কাছেও এবারের ডিসেম্বর এসেছে ভিন্ন আবহ নিয়ে।
তিনি বলেন, “১৪ ডিসেম্বর আপনারা শোক দিবস বা বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করেন। তবে আমাদের কাছে প্রতিটি দিবসই শোকের।
“আমরা (বুদ্ধিজীবীদের সন্তান) ভাবি, তারা (শহীদ বুদ্ধিজীবী) বেঁচে থাকলে আমাদের শাসন করতেন, নাতীদের আদর করতেন। এসব থেকে আমরা বঞ্চিত। তবুও আমরা গর্ববোধ করি; তাদের ত্যাগে আমরা স্বাধীন দেশ পেয়েছি।”
বছরে একদিন ঘটা করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ অনুষ্ঠানের ‘দলীয় আবহ’ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সুমন।
তিনি বলেন, ১৪ ডিসেম্বর রায়ের বাজারে মিছিল-স্লোগান নিয়ে ধাক্কাধাক্কি করে বিভিন্ন দাবি তোলা হয়। এসব করার তো অনেক দিবস আছে। নানা ধরনের পোস্টার ছাপানো হয়, অথচ সেখানে শহীদদের ছবি থাকে না।
“স্বাধীনতার ৪৪ বছর পর খালেদা জিয়া কীভাবে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন? তিনি নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।”
শহীদ সিরাজ উদ্দিনের ছেলে তৌহিদ রোজা নূরও বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানের ধরন নিয়ে সমালোচনা করেন।
“আমরা তো ওই দিন শহীদদের শ্রদ্ধা জানাতে যাই, কোনো নেতার নজরে আসার জন্য যাই না।”
কলকাতার ইসলামীয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সিরাজ উদ্দিন হোসেনের একসঙ্গে পড়ার দিনগুলোর কথা অনুষ্ঠানে তুলে ধরেন তৌহিদ।
তিনি বলেন, “খালেদা জিয়া বুঝতে পেরেছেন, তাদের মৃত্যুঘণ্টা বেজে গেছে। এ থেকে বাঁচতে মিথ্যাচার করা ছাড়া উপায় নেই।”
আজকের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন ১৯ বছর বয়সে।
‘যাদের আত্মত্যাগে আলোকিত ভোর পেয়েছি’ শিরোনামে এ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “এত দাম দিয়ে কেউ স্বাধীনতা পায়নি। সেই দেশ কারও পরাধীনতা মানবে না।”
মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, যুদ্ধে যাওয়ার সময় চাওয়া-পাওয়ার কোনো ‘হিসেব ছিল না’।
“যারা বেশি ত্যাগ করেছিলেন, হয়ত তারা বেশিদিন থাকেন না।”
ফিজার প্রশ্ন করেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে এখন বিতর্ক তুললেও ১৯৮০ ও ১৯৯০ সালে কেন প্রশ্ন তোলেননি?
“আপনার স্বামীর কেন সেই প্রশ্ন ছিল না? এখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে- আর আপনি এসব নিয়ে প্রশ্ন তুলছেন।”
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোশাররফ হোসেনও বক্তব্য দেন।
