বিধি ভঙ্গ: দুই এমপিকে সতর্ক করল ইসি
গত এক মাস ধরে পৌর ভোটের প্রচারণায় অন্তত দুই ডজন সংসদ সদস্যের নাম আচরণবিধি ভঙ্গকারীদের তালিকায় এলেও তার মধ্য থেকে দুজনকে সতর্ক করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
মন্ত্রী-এমপিদের বিধি ভঙ্গে ইসি নমনীয়- এই সমালোচনার মধ্যে ভোটের পাঁচ দিন আগে বৃহস্পতিবার কমিশন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই এমপিকে সতর্ক করে চিঠি গেছে।
এই নির্দেশনা পাঠানোর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা নিউট্রাল অবস্থান স্পষ্ট করছি। বিধি লঙ্ঘনের এগেইনেস্টে আমরা। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ইন্সট্রাকশন দিয়েছি। আমরা সব দিক থেকে কঠোর থাকব।”
এরপর ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির ও সিরাজগঞ্জ-৬ আসনের মো. হাসিবুর রহমানের কাছে পাঠান।
সরকারি সুবিধাভোগী এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বিধিভঙ্গের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আলাদা চিঠিতে বলা হয়েছে, “এ ধরনের কার্যকলাপের জন্য নির্বাচন কমিশনার আপনাকে সতর্ক করেছেন।
“সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আচরণবিধি মেনে আপনি এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন নতুবা আপনার দ্বারা আচরণবিধি লঙ্ঘিত হলে ইসি সরাসরি আইনানুগ ব্যবস্থা নেবে।”
মো. আবু জাহির (বাঁয়ে) ও মো. হাসিবুর রহমান
নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গত ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভায় জাহির এবং সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় হাসিব ভোট চেয়েছিলেন।
এ পর্যন্ত তিনজন সংসদ সদস্যকে ইসি সচিবালয় থেকে শো-কজ করা হয়েছিল। দুঃখ প্রকাশ করে তাদের জবাবে সন্তুষ্ট হয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
ইসির মনিটরিং কমিটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে অন্তত ২০ জন সংসদ সদস্যকে বিধি লঙ্ঘনকারী হিসেবে শনাক্ত করেছিল।
তাদের মধ্য থেকে মাত্র দুজনকে সতর্ক করার বিষয়ে ইসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটের প্রচারণার আর চার দিন বাকি। এ অবস্থায় নতুন করে আর কাউকে চিঠি দিয়ে নতুন ঝামেলায় যেতে চায় না ইসি।”
মাঠ পর্যায়ে নতুন নির্দেশনা
মন্ত্রী-সংসদ সদস্যসহ সুবিধাভোগী ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বৃহস্পতিবার ৬৩ জেলা প্রশাসক এবং ২৩৩ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে নতুন নির্দেশনা দিয়েছে ইসি।
উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত আলাদা আলাদা নির্দেশনা দেওয়া হয় বৃহস্পতিবার রাতেই।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৩ পৌরসভায় ভোট হবে। এর মধ্যে কক্সবাজার জেলার কোনো পৌরসভায় ভোট নেই।
জেলা প্রশাসকের উদ্দেশে চিঠিতে ইসি বলেছে, কোনো পৌরসভায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে নির্বাহী হাকিম তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এবং তাদের কার্যক্রম দৃশ্যমান হতে হবে।
বিধি লঙ্ঘনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ইসিকে জানাতে জেলা প্রশাসকদের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদেরও বলা হয়েছে।
