২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন কাঠামোর বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

অষ্টম বেতন কাঠামোর ‘বৈষম্য’ নিরসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ‘খবরদারি’ বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দিয়েছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

কমিটির সাত সদস্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি জমা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেকশন গ্রেড ও টাইম-স্কেল পুনর্বহাল এবং প্রথম শ্রেণির চাকরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার ও নন-ক্যাডার বৈষম্যের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে ইউএনওকে কর্তৃত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারক বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং সব ক্যাডার ও সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ দিতে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদ সৃষ্টিরও দাবি জানানো হয়েছে।

গত ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার। নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম-স্কেল বিলুপ্ত করা হয়েছে।

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিতে প্রবেশের সময় প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তাদের বেতন নবম গ্রেডে এবং প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তাদের বেতন অষ্টম গ্রেডে নির্ধারণ করা হয়েছে।

সপ্তম বেতন কাঠামোয় প্রথম শ্রেণির ক্যাডার ও নন-ক্যাডার উভয় কর্মকর্তারাই চাকরিতে প্রবেশের সময় অষ্টম গ্রেডে বেতন পেতেন।

উপজেলা পরিষদের কাছে ১৭ দপ্তর হস্তান্তরের বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৪ অক্টোবর একটি পরিপত্র জারি করে।

এতে বলা হয়, উপজেলা পরিষদে ন্যস্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুষঙ্গিক ব্যয় এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হিসাব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনওর স্বাক্ষরে পরিচালিত হবে।

মাঠ পর্যায়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ‘খবরদারির’ বন্ধে ব্যবস্থা নিতে ‘প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির’ ব্যানারে সরকারি কর্মকর্তরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

কমিটির ব্যানারে তারা বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে সমবেত হয়ে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রওনা হয়।

মিছিলটি ফার্মগেইট কৃষি গবেষণা কাউন্সিলের সামনে পৌঁছলে পুলিশ আটকে দেয়।

পরে কমিটির স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক মাহমুদ হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মো. ফিরোজ খান, সদস্য মো. মোবারক আলী, অধ্যাপক এম ইকবাল আর্সলান, মো. আব্দুস সবুর ও স ম গোলাম কিবরিয়া এবং বিসিএস সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুমে রব্বানী খান প্রতিনিধি দলে ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন দাবি আদায়ে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি ২৭ থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে।

৩০ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে তারা।

দাবি আদায়ে ২০ থেকে ৩০ ডিসেম্বর কালো ব্যাজ ধারণ কর্মসূচিও রয়েছে সমন্বয় কমিটির।