শাহজালালের কার্গো ভিলেজে কর্মবিরতিতে ভোগান্তি
কার্গো ভিলেজে স্থান বরাদ্দের দাবিতে বাংলাদেশের প্রধান বিমানবন্দরে কুরিয়ার সার্ভিস কর্মীদের কর্মবিরতিতে ভোগান্তি পোহাতে হয়েছে বিদেশ থেকে আমদানি করা পণ্য খালাসে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে ৫৪টি কুরিয়ার সার্ভিস, যাদের মাত্র ১৬টির পণ্য রাখার নিজস্ব জায়গা আছে। বাকি প্রতিষ্ঠানগুলো একটি কমনস্পেসে পণ্য রাখে।
এ নিয়ে কাস্টমস কর্মকর্তারা আপত্তি জানানোয় বুধবার সকাল থেকে কার্গো ভিলেজে অবস্থান নিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করেন ৩৮টি কুরিয়ার সার্ভিসের কর্মীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন আমদানি করা পণ্য খালাসে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে টানা দ্বিতীয় দিনের মতো দাঁড়িয়ে বিদেশ থেকে আসা কনসাইনমেন্ট নেওয়ার অপেক্ষায় ছিলেন হাবিব এন্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানের শফিকুর রহমান।
তখনও কুরিয়ার সার্ভিস কর্মীদের কর্মসূচি চলতে থাকায় মালামাল পাচ্ছিলেন না তিনি।
এতে ক্ষোভ প্রকাশ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব দেখলে কষ্ট লাগে। আমরা মালিক পক্ষের প্রতিনিধি, আমরা সরকারকে রাজস্ব দিয়ে পণ্য নিয়ে আসি। অথচ এখানে আসলে যে হয়রানির মুখে পড়তে হয় তা বলার ভাষা নেই।”
কার্গো ভিলেজ থেকে প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার কনসাইনমেন্ট খালাস করা হয়। প্রায় দেড় দিন বন্ধের পর বৃহস্পতিবার দুপুরের পর কর্মবিরতি প্রত্যাহার করা হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কার্গো ভিলেজে।
আলেয়া এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ ডিসেম্বর আমাদের গার্মেন্টের একটি চালান এসেছে। ১৬ ডিসেম্বর খালাস হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না।”
এ সমস্যার জন্য বিমানের কার্গো হ্যান্ডলিং কর্মী ও কুরিয়ার সার্ভিসগুলোর অব্যবস্থাপনার অভিযোগ করেন তিনি।
একই পরিস্থিতিতে পড়েন ক্লাসিক ফ্যাশন্সের মো. শহীদুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৭ তারিখের মধ্যে আমার রপ্তানি পণ্য পাঠাতে হবে। অথচ আমি এখনো স্যাম্পল খালাস করতে পারছি না। গত কয়েকদিন কুরিয়ার সার্ভিসগুলো কাজ বন্ধ রেখেছিল। আজ দুপুরের পরে কাজ শুরু হলেও এখনো তা হাতে পাইনি।”
কার্গো ভিলেজে পণ্যজটের বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কার্গো ভিলেজের মালিক হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এটা তারা বিমানকে ভাড়ায় দিয়েছে। বিমান আবার সেগুলো সাবলেটে কয়েকটি কুরিয়ার কোম্পানিকে দিয়েছে।
“২০১৩ সালে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পরে সাবলেটের বিষয়টিতে বেবিচক আপত্তি জানায়। এরপর নতুন করে কোনো প্রতিষ্ঠানকেই জায়গা বরাদ্দ দেওয়া হয় নি।”
এই কর্মকর্তা জানান, গত ১০ অগাস্ট কার্গো ভিলেজে পণ্য খালাস নিয়ে শুল্ক কর্মকর্তাদের উপর কয়েকজন হামলা চালিয়ে বিপুল পরিমাণ পণ্য নিয়ে যায়। এর পরপরই পণ্য ব্যবস্থাপনা শৃঙ্খলায় আনার সিদ্ধান্ত নেয় শুল্ক বিভাগ।
“এ অবস্থায় অনেকেই কাগজ আনতে পারেনি। আনবে কিভাবে, নতুন করে তো কোনো এগ্রিমেন্ট হয়নি। এতদিন আমরা খোলা আকাশের নিচে পণ্য রাখছিলাম। এ নিয়ে কয়েক দফা বিমান কর্তৃপক্ষ এবং বেবিচককে চিঠি দেওয়া হয়েছে।”
কার্গো ভিলেজে স্থান বরাদ্দের দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা বৈধ লাইসেন্স নিয়েই ব্যবসা করছি। তাহলে স্থান দেয়া হবে না কেন?
“মূলত কাষ্টমসের এ সিদ্ধান্তের বিরোধিতা করে কয়েকটি কুরিয়ার, যাদের স্থান বরাদ্দ নেই তারা কর্মবিরতি পালন করে।”
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুরিয়ার সার্ভিসগুলোকে বলা হয়েছিল- তারা যেন এ মাসের ১৭ তারিখের মধ্যে বিমানের কাছ থেকে স্থান বরাদ্দ নিয়ে আসে এবং তাদের আমদানিকৃত এবং খালাসকৃত পণ্যের একটি হিসেব দেয়।
“যারা স্থান বরাদ্দ এবং পণ্যের হিসেব দিতে পারবে না, তাদের পণ্য খালাস করা হবে না। এটা আমরা অনেক আগেই নোটিশ দিয়ে তাদের জানিয়ে দিয়েছি।”
এ পর্যন্ত মাত্র ১৬টি প্রতিষ্ঠান বরাদ্দপত্র জমা দিতে পেরেছে জানিয়ে তিনি বলেন, “বাকিরা যারা পারেনি তারা কাজ না করার সিদ্ধান্ত নেয়। তার মানে এই নয় যে, কাজ থেমে ছিল। কাজ চলেছে।”
শুল্ক আইন অনুযায়ী আমদানির ২১ দিনের মধ্যে কোনো পণ্য খালাস না হলে সেটির মালিক সরকার। এরপরে সরকার ওই পণ্য নিলামে বিক্রি করে দেয়।
“এখানে যেহেতু স্থানের স্বল্পতা রয়েছে সে কারণে কোন পণ্যটির মেয়াদ শেষ হয়েছে সেটি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ছে। মূলত এ জায়গায় একটি শৃঙ্খলা তৈরির জন্যই এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে।”
কর্মবিরতির পর বরাদ্দপত্র জমা দেওয়ার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
