রাষ্ট্রপতির সঙ্গে ডুয়েট প্রতিনিধি দলের সাক্ষাৎ
বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ জনশক্তি গড়ে তুলতে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডুয়েট উপাচার্য মো. আলাউদ্দিন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বর্তমান যুগে তথ্য-প্রযুক্তির সমৃদ্ধ জনশক্তি গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। এ কাজে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।”
প্রতিনিধি দল এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
