বিদেশ সফর: সংসদীয় কমিটির জন্য আলাদা বরাদ্দ দাবি
সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য আলাদাভাবে বরাদ্দ রাখার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাচ্ছে সংসদ সচিবালয়।
সংসদ ভবন
গত সেপ্টেম্বর মাসে সংসদীয় কমিটির বিদেশ সফরের খরচ নিয়ে স্পিকারকে চিঠি দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই চিঠির পরেই বিষয়টি নিয়ে পর্যালোচনায় বসে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সংসদীয় কমিটির বিদেশ সফরের জন্য মন্ত্রণালয়গুলো থেকে টাকা খরচ হচ্ছে এবং সেই খরচ মেটাতে ‘কিছু সমস্যা’ হচ্ছে বলে চিঠিতে তুলে ধরেন অর্থমন্ত্রী।
মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদীয় কমিটির বিদেশ সফরের অর্থ ছাড় করার ফলে আর্থিক শৃঙ্খলা ‘বিঘ্নিত’ হচ্ছে বলেও অর্থমন্ত্রীর চিঠিতে উল্লেখ করা হয়।
এর বদলে সংসদ সচিবালয়ের মাধ্যমে সমন্বয় করে অর্থ ছাড় করার প্রস্তাব করা হয় অর্থমন্ত্রীর চিঠিতে। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের উদাহরণ তুলে ধরে সেসব দেশে সরকারি খরচে সংসদ সদস্যদের সফর নিরুৎসাহিত করা হয় বলে সংসদ সচিবালয়ের কমিটি সাপোর্ট উইংয়ের (সিএস) ওই কর্মকর্তা জানান।
এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদীয় কমিটির বিদেশ সফরের খরচ নিয়ে অর্থমন্ত্রী যে চিঠি দিয়েছেন, তার প্রেক্ষিতেই আলোচনা উঠেছে। এখন সংসদীয় কমিটিগুলোর সফরের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। মন্ত্রণালয়ের বরাদ্দ থেকেই এখন খরচ করা হয়।
“অর্থ মন্ত্রণালয়কে আমরা সংসদীয় কমিটির জন্য আলাদা বরাদ্দ দিতে বলব। ওই বরাদ্দ অনুযায়ী সংশ্লিষ্ট কমিটি সফরের পরিকল্পনা করবে।”
এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, বরাদ্দ পাওয়ার পর কমিটিই সিদ্ধান্ত নেবে, তারা কোন কাজে সফরে যাবে, কতবার যাবে।
অর্থ মন্ত্রণালয়কে যে প্রস্তাব দেওয়া হচ্ছে সে বিষয়ে স্পিকার বলেন, “কমিটিগুলোর নামে আলাদা বরাদ্দ দিতে বলা হবে। ধরা যাক, কোনো কমিটিকে বছরে এক কোটি টাকা দেওয়া হলো। এখন তারা সিদ্ধান্ত নেবে- ওই টাকায় তারা কয়টি সফর করবে, কোন দেশে সফর করবে।”
বর্তমান ব্যবস্থায় বিদেশ সফরের জন্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে টাকা বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে চাহিদা পাঠানো হয়। সাধারণত ‘অভিজ্ঞতা অর্জন’ বা নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর জানতেই বিদেশ সফর করে থাকে সংসদীয় কমিটি।
চলতি বছর সংসদ লাইব্রেরির আধুনিকায়ন ও ডিজিটাইজেশনের জন্য ভারত লাইব্রেরি কমিটি সফর করে। এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আইন সম্পর্কে অভিজ্ঞতা নিতে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভারত, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও যুক্তরাজ্য সফর করে।
সংসদে উত্থাপিত বিদেশি অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) বিল নিয়েও অন্য দেশের অভিজ্ঞতা জানতে বিদেশে যাওয়ার কথা রয়েছে এই কমিটির।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ‘সমৃদ্ধ’ হতে গত সেপ্টেম্বর মাসে ভিয়েতনাম সফর করে। ওই সফরের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে দুই কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম দেখতে গত জুলাই মাসে কঙ্গো ও আইভরি কোস্টে যায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এছাড়া চীনের রেলওয়ের কার্যক্রম দেখতে গত মে মাসে দেশটি সফর করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটিগুলোর বিদেশ সফরের খরচ মেটাতে মন্ত্রণালয়গুলোকে অর্থ মন্ত্রণালয়ের কাছে ধর্না দিতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী কাজ শুরু হলে মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়- উভয়ের জন্য সফর আয়োজন সহজ হবে।”
