২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ ডিসেম্বরের মধ্যে কল্যাণপুর-আমিনবাজার যানজটমুক্ত: আনিসুল

রাজধানীর কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তা আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে যানজটমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 03:02 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

ওই রাস্তায় বাস-ট্রাক না রাখার ব্যাপারে যানবাহন মালিকদের প্রতিশ্রুতিও পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র আনিসুল।

গাবতলী ও আমিনবাজারকে রাজধানীর ‘বড় ট্রাফিক জ্যামের’ জায়গা উল্লেখ করে মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা দেখেছেন রাস্তায় শত শত বাস-ট্রাক দাঁড়িয়ে থাকে। আজ এখানে এসেছি নেতাদের সঙ্গে কথা বলতে, ট্রাক মালিক সমিতির নেতা কথা দিয়েছেন কাল থেকে ট্রাক থাকবে না।”

“বাস মালিক সমিতি, মিনিবাসের মালিক- সবাই কথা দিচ্ছেন যে, আগামী কয়েক দিনের মধ্যে এই জায়গা পার্মানেন্টলি ক্লিয়ার হয়ে যাবে। আমি মনে করি তাহলে ঢাকার ট্রাফিক জ্যাম অনেক কমে যাবে।”

মালিকদের প্রতিশ্রুতির প্রেক্ষিতে আগামী ৩০ ডিসেম্বর থেকে এ এলাকা যানজটমুক্ত ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, “১ জানুয়ারি থেকে পুলিশ রাস্তা পরিষ্কারের কাজ করবে।”

তেজগাঁও শিল্প এলাকার রাস্তা থেকে ট্রাক সরানোর পর থেকে ওই পথে আর যানজট হয় না জানিয়ে আনিসুল বলেন, “ঢাকার যেসব জায়গায় অনেক ট্রাফিক জ্যাম হতো বাস এবং ট্রাকের, সেসব জায়গার সবগুলোতেই আমরা এলাকার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে একটি সুশৃংখল অবস্থায় এনেছি।”

গত ২৯ নভেম্বর তেজগাঁওয়ে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে প্রায় তিন ঘণ্টা ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে কার্যত অবরুদ্ধ থাকেন আনিসুল হক। পরে বিপুল সংখ্যক পুলিশ-র‌্যাবের পাহারায় সেখান থেকে বেরিয়ে যান তিনি।

গাবতলী বাস টার্মিনাল শ্রমিক সমিতির আহ্বায়ক মফিজুল হক মেয়রের কাছে বাস টার্মিনালের জন্য জায়গা চাইলে তিনি বলেন, “আপনারা কোথায় রাখবেন আমি এই মুহূর্তে তা বলতে পারি না, তার সমাধানও দিতে পারি না। আমার দায়িত্ব হলো ঢাকাবাসীর রাস্তা পরিষ্কার রাখতে হবে।”

জায়গা দেখাতে পারলে টার্মিনাল তৈরিতে সহযোগিতার আশ্বাস দেন মেয়র আনিসুল।

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন, ঢাকা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ওবায়দুল্লাহ, ঢাকা জেলা বাস-ট্রাক মালিক সমিতি সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।