২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১৪ জন রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় জঙ্গি সন্দেহে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিন করে হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 09:41 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

ঢাকার মহানগর হাকিম আমিনুল হক মঙ্গলবার এ আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।

সোমবার রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশের খন্দকার ফিলিং স্টেশনের কাছ থেকে এই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- টাঙ্গাইলের আমিনুর (৩১), আবদুল আলীম (৩৩) ও শাহ আলম (২৮), কুমিল্লার গোলাম জিলানী (২৬), নূরুল আমিন (২৬) ও মাহমুদুল হাসান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার জাফর ইকবাল (২৭) এবং ঝিনাইদহের আকরাম হোসেন (২৭)।

গ্রেপ্তার বাকিরা হলেন- চুয়াডাঙ্গার আবদুল আলী (৪০), পাবনার আশরাফ আলী (২৭), ঢাকার সাইফুল ইসলাম (৩৬), কুড়িগ্রামের আলম মাহবুব (৩৪), চাঁপাইনবাবগঞ্জের ডলার পারভেজ (৩৫) ও মুন্সিগঞ্জের মোহাম্মদ জসিম (৩৩)।

পুলিশের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা মিরাশ উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. মোস্তফা আনোয়ার প্রত্যেককে সাত দিন করে হেফাজতে (রিমান্ডে) নেওয়ার আবেদন করেন।

বিচারক শুনানি শেষে প্রত্যেককে চারদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এই ১৪ আসামি সিঙ্গাপুরে কাজ করতেন জানিয়ে পুলিশের আবেদনে বলা হয়, সিঙ্গাপুরে নিজেদের মধ্যে পরিচয়ের পর তারা জঙ্গি কার্যক্রম করতেন বলে সেদেশের পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠায়।

দেশে এসেও সংগঠিত হয়ে জঙ্গি কার্যক্রম শুরু করেন তারা। তাদের সঙ্গে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত অপর সহযোগীদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে মনে করে পুলিশ।

উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, আসামিরা সিঙ্গাপুরের মোস্তফা মার্কেটের কাছে অ্যাঙ্গোলিয়া মসজিদে মিলিত হয়ে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সদস্য ও অর্থ সংগ্রহসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার বিষয়ে আলোচনা করতেন।

ওই মসজিদে প্রত্যেক রোববার সন্ধ্যায় একত্র হয়ে জিহাদি বক্তব্য, বয়ান ও জিহাদি ভিডিও প্রদর্শন করতেন তারা। সিঙ্গাপুর পুলিশের কাছে এই জঙ্গি কার্যক্রমের বিষয়টি প্রকাশ পাওয়ার পর তাদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।