কাকরাইলে আলোকচিত্রীর ক্যামেরা-টাকা ছিনতাই
রাজধানীর কাকরাইলে ছিনতাইকারীদের কবলে পড়ে ক্যামেরা ও টাকা খুইয়েছেন বলে জানিয়েছেন ইংরেজি দৈনিক নিউ এইজের একজন আলোকচিত্রী।
সনি রামানি নামের ওই আলোকচিত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা থেকে সোমবার রাতের গাড়িতে রওনা দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কাকরাইলে নামেন।
“হেঁটে সেগুনবাগিচার বাসায় যাওয়ার সময় একটি সাদা মাইক্রোবাস গতিরোধ করে। এরপর ৩/৪ জন গাড়ি থেকে নেমে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি ক্যামেরা, লেন্স, মোবাইল ফোন ও ৫ হাজার টাকা নিয়ে দ্রুত চলে যায়।”
এ ঘটনায় রমনা থানায় মামলা করা হয়েছে।
থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশা করা যাচ্ছে, অল্প সময়ে ফল পাওয়া যাবে।
