২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি-বিএসএফ বৈঠক স্থগিত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের প্রাণহানির পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 02:36 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

মঙ্গলবার থেকে ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর ছয় দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কথা ছিল।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে যোগ দিতে বিকালে বিএসএফ মহাপরিচালক শ্রী দেবেন্দ্র কুমার পাঠকসহ ১৩ জনের প্রতিনিধিদলের ঢাকায় আসার কথা ছিল।

“কিন্তু সকালে বিএসএফের বিমান বিধ্বস্ত হয়ে ২ ডিআইজি ও এক কর্মকর্তাসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় বিএসএফ মহাপরিচালক পূর্বনির্ধারিত ঢাকা সফর বাতিল করেছেন।”

একারণে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে সকালে সম্মেলনে যোগ দিতে বিএসএফের একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছে।

ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সকালে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাঁচির উদ্দেশ্যে ওড়ার দুই মিনিটের মাথায় ২০ বছরের পুরনো উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান দুর্ঘটনার পরপরই মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিএসএফ প্রধানকে ফোন করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

দুই দেশের মহাপরিচালক একমত হয়ে স্থগিত সীমান্ত সম্মেলনের পরবর্তী সময়সূচি ঠিক করবেন।