ব্লগার রাজীব হত্যা মামলায় বৃহস্পতিবার থেকে যুক্তিতর্ক
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্যের পর আগামী বৃহস্পতিবার যুক্তিতর্ক শুরুর দিন রেখেছে আদালত।
মঙ্গলবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুানালের বিচারক সাঈদ আহম্মেদ এজলাসে সাত আসামি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন।
এদের মধ্যে মৌখিক বক্তব্য দেন নাফিস ইমতিয়াজ, নাঈম ইরাদ ও এহসান রেজা রুম্মান।
এছাড়া আসামি ফয়সাল বিন নাঈম দীপ, মাকসুদুল হাসান অনিক ও সাদমান ইয়াছির মাহমুদ লিখিত আকারে তাদের বক্তব্য জমা দিয়েছেন।
আর এই হত্যা মামলার প্রধান আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রাহমানি মৌখিক বক্তব্যের পাশাপাশি লিখিত বক্তব্যও দেন।
তবে সব আসামি সাফাই সাক্ষী হাজির করবেন না বলে আদালতকে জানান।
মামলার আট আসামির মধ্যে রেদোয়ানুল আজাদ রানা পলাতক রয়েছেন।
ব্লগার রাজীব হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সোমবার শেষ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।
রাষ্ট্রপক্ষের ৫৫ জন সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্য নিয়েছেন বিচারক।
আইনজীবী মাহবুবুর রহমান বলেন, “সোমবার বিচারক এজলাসে বলেছেন, এ মাসেই তিনি মামলার রায় দেওয়ার চেষ্টা করবেন।”
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় স্থপতি রাজীব হায়দারকে। এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দিন পল্লবী থানায় এ মামলা দায়ের করেন।
গত ১৮ মার্চ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রাহমানি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাত ছাত্রসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।
কিন্তু তাতে ত্রুটি ধরা পড়ায় গত ২১ মে নতুন করে অভিযোগ গঠন করা হয়।
