গৃহকর্মী সুরক্ষা নীতিমালা অনুমোদনে রাজধানীতে আনন্দ মিছিল
মন্ত্রিসভা ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা’ অনুমোদন দেওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয় গার্হস্থ্য শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তারের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কদম ফোয়ারা ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
গৃহকর্মে জড়িত ৩০/৪০ জনসহ সংগঠনের অন্তত ২০০ সদস্য ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ মিছিলে যোগ দেন।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গৃহকর্মে সর্বনিম্ন ১৪ বছর বয়স সীমা নির্ধারণ করে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা’ অনুমোদন দেওয়া হয়।
এর ফলে গৃহকর্ম শ্রম হিসেবে স্বীকৃতি পাবে এবং সবেতনে চার মাসের মাতৃত্বকালীন ছুটি ছাড়াও অন্য ছুটি ভোগ করতে পারবেন গৃহকর্মীরা।
মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ গৃহকর্মীদের জন্য নীতিমালা প্রণয়ন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান জাসদনেত্রী শিরিন আক্তার।
তিনি বলেন, “বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠায় এই নীতিমালা এক ধাপ এগিয়ে দিয়েছে। এখন আইন প্রণয়ন বাকি আছে, আশা করি সেটাও এখন আমরা করতে পারব।”
উচ্ছ্বাস প্রকাশ করে সংগঠনের সাধারণ সম্পাদক মোরশিদা আক্তার বলেন, “আমাদের দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের ফসল হিসাবে আমরা এই নীতিমালা পেয়েছি।
“এটা গৃহকর্মীদের জন্য আইনের প্রথম পদক্ষেপ। তবে শুধু কাগজে-কলমে এই নীতিমালা থাকলে চলবে না, এর প্রয়োগ করতে হবে।”
