পে-স্কেলে প্রতিশ্রুতির বরখেলাপ: ঢাবি শিক্ষক সমিতি
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দেওয়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতিশ্রুতি অষ্টম বেতন কাঠামোয় বরখেলাপ হয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এছাড়া জাতীয় অধ্যাপকদের জ্যেষ্ঠ সচিবদের পর্যায়ে এনে নতুন বেতন কাঠামোকে বিতর্কিত করা হয়েছে বলে দাবি করছে তারা।
রোববার শিক্ষক সমিতির কার্যকর পরিষদের এক জরুরি সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি করা হয়।
এতে বলা হয়, বেতন কাঠামোর গেজেট এবং অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশ সমন্বিত একটি চিঠির বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
“পর্যালোচনায় দেখা যায়, বর্তমান অবস্থায় অষ্টম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়িত হলে সপ্তম জাতীয় বেতন কাঠামোর তুলনায় গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা অর্ধেক কিংবা তারও নিচে নেমে আসবে।”
গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের থেকে সুপারগ্রেডের দ্বিতীয় ধাপে যাওয়ার কোনো সুযোগও গেজেট ও নির্দেশনায় লক্ষ করা যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ডিসেম্বর অর্থমন্ত্রী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছিলেন নতুন বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল থাকবে।
এছাড়া জ্যেষ্ঠ সচিবদের মতো সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের একটি অংশকে বিশেষ গ্রেডে উন্নীতের সুযোগ এবং অষ্টম বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রারম্ভিক বেতন সপ্তম বা অষ্টম গ্রেড থেকে শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুহিত।
“আমরা পরিতাপের সঙ্গে লক্ষ করছি, নতুন বেতন কাঠামোয় উল্লিখিত প্রতিশ্রুতির প্রথম দুটির সম্পূর্ণ বরখেলাপ করা হয়েছে,” বলেছে শিক্ষক সমিতি।
জাতীয় অধ্যাপকদের জ্যেষ্ঠ সচিবদের পর্যায়ে এনে তাদের অপমান করা হয়েছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তাদের পে-রুলে আনার এই প্রচেষ্টার মধ্য দিয়ে জাতীয় বেতন কাঠামোকে করা হয়েছে বিতর্কিত।
“জাতীয় অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় মনোনয়ন দেয় না বা তারা সরাসরি বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সঙ্গেও যুক্ত নয়।…তাদের এই বেতন কাঠামোতে অন্তর্ভুক্তি অনাকাঙ্ক্ষিত ও জাতির জন্য লজ্জাজনক।”
চলতি সপ্তাহের মধ্যে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এসব দাবি বাস্তবায়ন না হলে ‘সৃষ্ট পরিস্থিতির’ জন্য শিক্ষক সমাজ দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
