২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর কোনো ‘রানা প্লাজা’ দেখতে চাই না: পরিকল্পনামন্ত্রী

সচেতনতার মাধ্যমে ভূমিকম্পের মতো অনেক অপ্রতিরোধ্য প্রাকৃতিক দুর্যোগেও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম  মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 09:19 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করে তিনি বলেন, “গ্রামে-গঞ্জেও মানসম্পন্ন ভবন নির্মাণ হচ্ছে কি না- তা দেখতে হবে। আমরা আর কোনো রানা প্লাজা দেখতে চাই না। বর্তমান সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে।”

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যন্ড সংলগ্ন আটতলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত হন এক হাজার ১৩৫ জন, আহত হন আরও হাজারখানেক শ্রমিক; যারা ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।

ওই ঘটনা সেসময় আন্তর্জাতিক সব গণমাধ্যমে শিরোনাম হয়। দেশে কারখানার অবকাঠামোগত নিরাপত্তা ও কর্মপরিবেশের বিষয়টি নতুন করে আলোচনায় এলে সরকার ও মালিকরা বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়।

বিশ্ব ব্যাংক ও জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা- জাইকার অর্থায়নে ‘আরবান বিল্ডিং সেফটি’ ও ‘আরবান রেজিলিয়েন্স’ প্রজেক্টের উদ্বোধনী এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, “মানবসৃষ্ট দুর্যোগে আমরা মৃত্যু দেখতে চাই না। বিশ্বের সব মানুষের মতো আমিও মানুষের স্বাভাবিক মৃত্যু প্রত্যাশা করি।”

ভবন নির্মাণ নীতিমালার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মানবসৃষ্ট অনাচারে পৃথিবী আজ কঠিন বিপর্যয়ের মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আজ এক ডিগ্রি সেলসিয়াস বেশি।

“এর প্রভাবে পৃথিবীর অনেক অঞ্চল পানির নীচে তলিয়ে যাচ্ছে। বাংলাদেশের সিডর আক্রান্ত এলাকা আজও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেনি।”

জলবায়ুর বিরূপ প্রভাবে তাপদাহে ‘অগণিত মানুষ’ মারা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “একশত বছর আগেও তা পরিলক্ষিত হয়নি।”

জলবায়ু পরিবর্তন ও বন্যার প্রসঙ্গ তুলে পরিকল্পনামন্ত্রী বলেন, কেবল ঢাকা শহরই দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপ্রবণ নয়। অপরিকল্পিত বিশেষ করে, মাটি পরীক্ষাসহ বিল্ডিং কোড না মেনে নির্মাণ করা দেশের সব অপরিকল্পিত ভবনই ঝুঁকিপ্রবণ।

মুস্তফা কামাল মনে করেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগসহ বেশ কিছু দুর্যোগ মোকাবলো করা কঠিন নয়। তবে এ ব্যাপারে জনসচতেনতা সৃষ্টির পাশাপাশি ভবন নির্মাণে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষ শহরাঞ্চলে বসবাস করায় শহরাঞ্চলের ক্ষতি প্রতিটি দেশের জন্য ব্যাপক ক্ষতির কারণ হিসেবে পরিগণিত হচ্ছে।

“১৯৫০ সালেও শহরে বসবাস করত শতকরা ৩৩ ভাগ মানুষ। আজ সেটা শতকরা ৫০ ভাগে দাঁড়িয়েছে এবং ২০৫০ সালে এ সংখ্যা শতকরা ৮০ ভাগে দাঁড়াবে। ”

মানবসৃষ্ট দুর্যোগের কারণ জানার ওপর গুরুত্বারোপ করে এ ব্যাপারে সরকারের কর্মসূচি তুলে ধরে পরিকল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবেলার সক্ষমতায় বাংলাদেশের অর্জন প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়রে সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, জাইকার সিনিয়র প্রতিনিধি হিরুউকি তমিতা, বিশ্ব ব্যাংকের সিনিয়র দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ মারু এস ফর্ন এবং জাইকার প্রধান আবাসিক প্রতিনিধি মিকিও হাতাইদা।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, বাংলাদেশের অধিকাংশ নগর অবকাঠামো ও ভবন তৈরিতে বিল্ডিং কোড মানা হয়নি। তৈরি পোশাক খাত ৪০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জিডিপির শতকরা ১৫ ভাগ অবদান রাখছে। কিন্তু এ খাতের টেকসই সম্প্রসারণ অব্যাহত রাখতে ‘সেফটি স্ট্যান্ডার্ড’ একটি বড় চ্যালেঞ্জ।