২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ছাড়লেন পঙ্কজ সরন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ সরন তার দায়িত্ব পালন শেষে ঢাকা ছেড়েছেন। রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 06:07 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

ভারতের হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঙ্কজ সরন শনিবার বাংলাদেশ থেকে প্রস্থান করেছেন। নবনিযুক্ত ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা ঢাকা এসেছেন। তিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হাই কমিশনারের দায়িত্ব পালন করবেন।

নতুন হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা জানুয়ারির মাঝামাঝি ঢাকা আসার পর তাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন সোয়াইকা।

হর্ষ বর্ধন শ্রিংলা থাইল্যান্ড থেকে ঢাকায় হাই কমিশনারের দায়িত্ব নিয়ে আসছেন।

ভারপ্রাপ্ত হাই কমিশনার আদর্শ সোয়াইকা ইতোপূর্বে নয়া দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের জাতিসংঘ বিভাগের পরিচালক ছিলেন। এর আগে তিনি বেইজিং, সোফিয়া ও মস্কোয় ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালন করেন।

রসায়নে পিএইচডি ডিগ্রিধারী সোয়াইকা হিন্দি, বাংলা ও রাশিয়ান ভাষায় কথা বলেন।

নভেম্বরের শেষ দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘খুব শিগগিরই’ মস্কো মিশনে যোগ দিচ্ছেন সরন।

শ্রিংলা ভারতের ফরেন সার্ভিসে সরনের দুই বছরের কনিষ্ঠ। সরন ফরেন সার্ভিসে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। পেশাদার কূটনীতিক সরনের বাংলাদেশে দায়িত্ব পালনের সময়টি বেশ গুরুত্বপূর্ণ ছিল।

২০০৮ সালের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষের পর নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছিল, যার ধারাবাহিকতায় দশম সংসদ নির্বাচন বর্জনও করেছিল বিএনপি।

বিএনপির নেতাদের অনেকে সরাসরিই বলে থাকেন, প্রতিবেশী দেশ ভারতের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ‘একতরফা’ নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে।      

সরনের মেয়াদে বাংলাদেশ-ভারতের দীর্ঘকালের সীমান্ত সমস্যার সমাধান হয়, যার ফলে দুই দেশের ছিটমহলগুলোর বিনিময় হয়। তবে তিস্তার পানিবণ্টন চুক্তি ঝুলে থাকা অবস্থায়ই বিদায় নিলেন তিনি।

পুরনো খবর:

রাষ্ট্রদূত হয়ে রাশিয়া যাচ্ছেন পঙ্কজ সরন