২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানাতে চায় মার্কিন প্রতিষ্ঠান’

যুক্তরাষ্ট্রের একটি নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র বানানোর আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 12:17 AM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী এই তথ্য জানান। অবশ্য ওই প্রতিষ্ঠানের নাম বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কারও নাম তিনি প্রকাশ করেন।

বঙ্গবন্ধুকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ বিষয়ে ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম’ আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “একটি মার্কিন ফিল্মমেকিং প্রতিষ্ঠান ইতিমধ্যেই……….. মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে কি না, বলতে পারব না। তবে আসতেছে।

“তার (প্রধানমন্ত্রীর) সঙ্গে কথা হবে। তার (মার্কিন নির্মাতা) প্রজেক্ট হচ্ছে, বঙ্গবন্ধুর উপর ছবি নির্মাণ করা।”

বেশ কয়েক বছর আগে সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেই সিনেমাটির নাম স্থির হয়েছিল, ‘দ্য পোয়েট অব পলিটিক্স’। বঙ্গবন্ধুর ভূমিকায় অমিতাভ বচ্চন অভিনয় করবেন এমনটিও শোনা গিয়েছিল। পরবর্তীতে সিনেমাটি নির্মিত হয়নি।

এর আগে আবদুল গাফ্ফার চৌধুরী ‘পলাশী থেকে ধানমন্ডি’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন।