পাকিস্তানের ‘স্বভাব যায় না মরলে’ অবস্থা: মোজাম্মেল
মুক্তিযুদ্ধে বাঙালির কাছে পরাজিত হলেও পাকিস্তানের ‘স্বভাবের’ কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
যুদ্ধাপরাধীদের বিচার ও একাত্তরের গণহত্যা নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তান বাংলাদেশ নিয়ে এখন নানান কথা বলছে।
“একটা প্রবাদ আছে- ‘স্বভাব যায় না মরলে, খাসলত যায় না ধুইলে'; পাকিস্তানের বক্তব্যে এই প্রবাদের সত্যতা প্রমাণিত হয়।”
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বিজয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা সংসদ’ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে একথা বলেন মন্ত্রী।
গত ২২ নভেম্বর বুদ্ধিজীবী হত্যাকারী বদর প্রধান জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর 'উদ্বেগ’ প্রকাশ করে বিবৃতি দেয় পাকিস্তান।
তখন ঢাকায় পাকিস্তানি হাই কমিশনারকে ডেকে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এরপর পাকিস্তানও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে একাত্তরে গণহত্যার দায় অস্বীকার করে।
‘স্বাধীনতার চেতনায় অর্থনৈতিক মুক্তি অর্জনে দৃঢ় প্রত্যয়’ শীর্ষক ওই আলোচনা সভায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় না থাকায় স্বাধীনতার ৪৪ বছরের মধ্যে ৩০ বছর দেশ ‘উল্টো পথে’ চলেছিল বলে মন্তব্য করেন মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।
একাত্তরের ১৯ মার্চ গাজীপুরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধের এই যোদ্ধা বলেন, “ইতোমধ্যে দেশ অনেকদূর এগিয়ে যেতে পারলেও মুক্তিযুদ্ধের চেতনায় এগোলে আরও বেশি করে উন্নয়ন করতে পারতাম।
“আগেই বলেছি, ৩০ বছর দেশ উল্টো পথে চলেছিল। তারপর এখন ফিরে এসেছে।”
বিদেশি একটি সংস্থার করা সম্ভাবনাময় নয়টি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ওবামার (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) মতো লোকও তার পূর্বপুরুষের দেশ কেনিয়ায় গিয়ে বলেছেন, উন্নয়ন চাইলে তোমরা বাংলাদেশকে অনুসরণ কর, শেখ হাসিনাকে অনুসরণ কর।”
দ্রুত বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন মোজাম্মেল হক।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন।
স্বাধীনতা সংসদের সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন বক্তব্য দেন।
