এইমস ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড: হাই কোর্টের রায় স্থগিত হয়নি
দশ বছর সময় বেঁধে দিয়ে মেয়াদোত্তীর্ণ ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড বন্ধ করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যে সিদ্ধান্ত দিয়েছে, তা এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত হয়নি।
হাই কোর্টের রায় স্থগিত চেয়ে বিএসইসির করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ বিষয়ে ১০ জানুয়ারি পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে ওইদিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর ফলে এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের লেনদেন পুঁজিবাজারে চলবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ফান্ডগুলো বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী মো. আসাদুজ্জামান।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেম্বার বিচারপতি উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছে। এর ফলে এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের অবসায়নও হবে না এবং মেয়াদও বাড়বে না। তবে ইউনিট শেয়ার হোল্ডারা চাইলে শেয়ার ট্রান্সফারে বাধা থাকবে না।
এইমসের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, “এর ফলে এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের মার্কেট ট্রেডিং চলতে বাধা নেই এবং ৩১ ডিসেম্বরের মধ্যে অবসায়ন করার ব্যপারে কোনো বাধ্যবাধকতা থাকছে না।”
এর আগে ১৫ ডিসেম্বর হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১০ বছর সময় বেঁধে দিয়ে মেয়াদোত্তীর্ণ ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড বন্ধ করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যে সিদ্ধান্ত দিয়েছিল, তা এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করে রায় দেয়।
এতে স্থগিতাদেশ চেয়ে বিএসইসি আবেদন করে, যার উপর সন্ধ্যায় বিচারপতির বাসায় আদলত বসে ও শুনানি হয়।
আদালতে বিএসইসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোখলেছুর রহমান।
রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
মামলার বিবরণে জানা যায়, ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের মেয়াদ বিষয়ে ২০১০ সালের ২৪ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্বাহী আদেশে সিদ্ধান্ত নেয়। এতে বলা হয়, ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের মেয়াদ হবে ১০ বছর এবং যেসব ফান্ডের মেয়াদ ১০ বছর পেরিয়ে গেছে তা অবিলম্বে বন্ধ করেতে হবে।
এই আদেশের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৯ জুন বিএসইসি এক সভায় সিদ্ধান্ত হয়, এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড চলতি বছরের ৩১ ডিসেম্বর বন্ধ করে দেওয়া হবে।
ওই নির্বাহী আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের অন্যতম ইউনিট হোল্ডার আলী জামান সেপ্টেম্বরে রিট আবেদন করে। প্রাথমিক শুনানি নিয়ে ২৬ সেপ্টেম্বর হাই কোর্ট রুল ও স্থগিতাদেশ দেয়। আর রুলের ওপর শুনানি শেষে ১৫ ডিসেম্বর আদালত রায় দেয়।
