২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদ কমিটিতে জঙ্গি মদদদাতা আছে কি না, খোঁজা হবে: আইজিপি

বাংলাদেশের মসজিদ ব্যবস্থাপনা কমিটিগুলোতে জঙ্গিবাদের মদদদাতা ও যুদ্ধাপরাধীদের সমর্থক রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 07:39 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদরদপ্তরে আলেমদের সঙ্গে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সভায় শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, “আমার জানামতে, অনেক মসজিদ কমিটি আছে, যেখানে জঙ্গিবাদের মদদদাতা ও মানবতাবিরোধী অপরাধীদের সমর্থকরা মোট অঙ্কের টাকা দিয়ে কমিটিতে ঢুকে পড়ছে।”

দেশের অনেক মসজিদে তার ছাত্ররা ইমামতি করছেন জানিয়ে মাওলানা মাসউদ বলেন, “তারা আমার কাছে অভিযোগ করেছেন, জঙ্গিবাদ নিয়ে কিছু বললে কৌশলে নানা অপবাদ দিয়ে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।”

এই পর্যবেক্ষণের জবাবে আইজিপি বলেন, মসজিদ কমিটিতে জঙ্গিবাদের মদদদাতা ও মানবতাবিরোধী অপরাধের সমর্থক লোক আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

“আমার পাশে পুলিশের বিশেষে শাখার (এসবি) প্রধান রয়েছেন, তিনি বিষয়টি দেখবেন। আর কোন কমিটিতে এ ধরনের লোক রয়েছে- আপনারাও সে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।”

সভায় বিভিন্ন জেলা থেকে আসা ১৪ জন আলেম বক্তব্য দেন। তাদের মধ্যে রয়েছেন- মাওলানা নুরুল হক উজানী, মুফতি আব্দুল কাইয়ুম খান, মাওলানা আব্দুল হক, মাওলানা কাজী ফজলুল করিম, মাওলানা আরিফ উদ্দিন মারুফ, মাওলানা ইমদাদউল্লাহ কাসেমী ও মাওলানা তাজুল ইসলাম কাসেমী।

নুরুল হক উজানী বলেন, “আপনাদের (পুলিশ) মধ্যে ভেজাল আছে; সুবিধাভোগী আছে, যারা আগে জামায়াতের ইসলামীর কাছ থেকে নানা সুবিধা নিয়ে এখন বলছে, জয় বাংলা।”

‘হুজুরদের স্বচ্ছ হতে দুঘণ্টাও লাগবে না’ মন্তব্য করে পুলিশকে স্বচ্ছ করার দাবি জানান তিনি।

“যদি সকাল বেলায় আইজিপির সঙ্গে, আর রাতে ওদের সঙ্গে মিলিত হয়। তাহলে এদেশ থেকে কোনো দিন জঙ্গিবাদ উৎপাটন করা যাবে না।”