২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারিন্দার মেসবাড়িতে দগ্ধ আরেকজনের মৃত্যু

ঢাকার নারিন্দায় মেসবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 10:39 AM

Updated : 12 Oct 2022, 04:42 PM

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন শহীদুল ইসলাম (২৭) মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা যান।

শহীদুলের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন বার্ন ইউনিটের নার্স ফয়সাল হোসেন।

গত পাঁচদিন আগের ওই ঘটনায় এ নিয়ে মোট দুইজনের মৃত্যু হলো। শাকিব (৩৫) নামের দগ্ধ আরেকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।    

গত ১০ ডিসেম্বর ভোরে নারিন্দা মোড়ের ‘হা-মীম’ রেস্তোরাঁর দ্বিতীয় তলায় ওই মেস বাড়িতে ‘বাইরে থেকে ধরিয়ে দেয়া আগুনে’ তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে ধোলাইখালের লেদ ওয়ার্কশপ মালিক সুমন (৪০) ওইদিন দুপুরেই হাসপাতালে মারা যান।  

তার ছোট ভাই শাহাবউদ্দিন রাজন ওয়ারী থানায় একটি মামলা করেছেন, যাতে সুমনের কারখানার সাবেক কর্মচারী সোহাগ ও রাজীবকে আসামি করা হয়েছে।

সোহাগ ও রাজীব ওই মেসেই থাকতেন। তারাই বাইরে থেকে তালা আটকে ভাঙা জানালা দিয়ে সুমনের ঘরে আগুন দেয় বলে মেসের বাসিন্দাদের ধারণা।

ঘটনার পর থেকে তারা পলাতক বলে ওয়ারী থানা পুলিশ জানিয়েছে।