২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুসহ চার জনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

নয় বছর আগে নরসিংদীতে দুই শিশুসহ এক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় করা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে ঢাকার আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 05:27 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

সোমবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক সাঈদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন বলে ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুঁলি মাহবুবুর রহমান জানান।

রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

নরসিংদীর রায়পুরা থানার মুসাপুর গ্রামের এই হত্যামামলায় আরও সাত আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই গ্রামের আল আমিন, শাহীন মিয়া, কালা মিয়া ও আলেক চাঁন। এদের মধ্যে আলেক ছাড়া বাকিরা পলাতক।

আর ১০ বছরের দণ্ডপ্রাপ্ত সাতজন হলেন- জামাল ওরফে ল্যাংড়া জামাল, আনোয়ার হোসেন আনার, মিষ্ঠু মিয়া ওরফে মোবারক আলী, তারেক মিয়া, জিল্লু মিয়া, জামাল মিয়া ও মোবারক।

এদের মধ্যে মোবারক ছাড়া সবাই কারাগারে রয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুঁলি মাহবুবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার অপর আসামি রনি মিয়া (১৪) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নরসিংদী কিশোর আদালতে চলছে তার বিচার।

রায়ের বিবরণ থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৬ সালের ২৭ নভেম্বর রাতে স্থানীয় ব্যবসায়ী শামসুদ্দিন মোল্লার ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় থাকা তার দুই মেয়ে রোমানা (২৭) ও রুনাকে (২৬) কুপিয়ে এবং তাদের দুই শিশু সন্তান ২১ দিন বয়সী অর্ণব ও নয় মাস বয়সী বর্ণাকে কোপানোর পাশাপাশি মাথা থেঁতলে দিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় শামসুদ্দিনের করা হত্যা মামলায় আল-আমিনসহ ১২ জনের বিরুদ্ধে ২০১১ সালের ৪ জুন তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সুলতান মাহমুদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৪ সালের ১৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জন সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষ্য দেন।

তবে এই রায়ে অসন্তুষ্ট বাদীর ছেলে প্রকৌশলী শফিকুল ইসলাম আসামিদের মৃত্যুদণ্ড চেয়ে হাই কোর্টে আপিল করবেন বলে জানান।