২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই পিস্তলটি দেখতে চেয়েছে হাই কোর্ট

রাজধানীর বিজয় সরণি থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে করা মামলায় উদ্ধার পিস্তলটি দেখতে চেয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 12:15 AM

Updated : 22 Aug 2022, 02:15 PM

ওই ঘটনায় করা মামলার আসামি ব্যবসায়ী তাইজুল ইসলামের এক আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয় বলে জানান তার আইনজীবী আশেক-ই রসুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট ২১ জানুয়ারি পর্যন্ত তাইজুল ইসলামের জামিন মঞ্জুর করেছে। ওইদিন ওই রিভলবারটি দাখিল করতে ঢাকা মহানগর মুখ্য হাকিমকে নির্দেশ দিয়েছে আদালত।”

আদালতে তাইজুল ইসলামের পক্ষে শুনানিতে আরও ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

মামলার নথি থেকে জানা যায়, চাদনী চকের নিউ হিরোপি জুয়েলার্সের মালিক তাইজুল ইসলামকে রাজধানীর বিজয় সরণি থেকে অস্ত্রসহ ৩০ মার্চ গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় সেদিন ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় কাফরুল থানায় মামলা করে পুলিশ।    

মামলার এজহারে বলা হয়, তাইজুল ইসলামের কোমর থেকে ছয় রাউন্ড গুলি ভর্তি ছয় চেম্বার বিশিষ্ট একটি সচল বিদেশি রিভলবার উদ্ধার করা হয়, যাতে লেখা ছিল মেইড ইন ইউএসএ।

এক আবেদনে ওই আলামত ‘ব্যালিস্টিকস’ পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়। সিআইডির পুলিশ পরিদর্শক ও ব্যালিস্টিকস বিশারদ মো. জামাল উদ্দিনের দেওয়া পরীক্ষা প্রতিবেদনে বলা হয়, মেইন স্প্রিং দুর্বল এবং ট্রিগার ও হ্যামার নড়বড়ে থাকায় বর্তমানে এটি দিয়ে ফায়ার করা সম্ভব নয়।

গত ২৫ মে দাখিল করা ওই প্রতিবেদনের মতামত অংশে বলা হয়, আলামতটি একটি ছয় চেম্বার বিশিষ্ট স্থানীয়ভাবে (দেশি) তৈরি রিভলবার। বর্তমান অবস্থায় এটি কার্যক্ষম নয়। এটি আগ্নেয়াস্ত্রের অংশ।

ওই মামলায় তাইজুল ইসলাম নিম্ন আদালতে জামিন আবেদন করলে ২২ সেপ্টেম্বর তা নামঞ্জুর হয়। এর বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে জামিনের আরজি জানান তাইজুল ইসলাম। এর ওপর শুনানি নিয়ে ১৮ নভেম্বর হাই কোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

ওইদিন হাই কোর্ট এ বিষয়ে ব্যাখ্যা জানাতে কাফরুল থানার ওসি হাসানুর রহমান, উপ-পরিদর্শক প্রেমদাস ও ব্যালিস্টিকস পরীক্ষাকারী জামাল উদ্দিনকে ১৩ ডিসেম্বর আদালতে হাজির হতে বলেন।

ধার্য তারিখে তারা আদালতে হাজির হন। জামাল উদ্দিন বক্তব্য উপস্থাপন করেন। পরে শুনানি নিয়ে আদালত আদেশ দেয়।