২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যালিকাকে ধর্ষণ-হত্যা: টাঙ্গাইলের মানিকের মৃত্যুদণ্ড বহাল

টাঙ্গাইলের মির্জাপুরে ১৭ বছর আগে শ্যালিকাকে ধর্ষণের পর হত্যায় মানিক মিয়ার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের করা আপিল ও ডেথরেফারেন্সের ওপর শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।

এ মামলায় নিম্ন আদালতের রায়ে কারাদণ্ডপ্রাপ্ত মানিকের বাবা রমজানকে খালাস দেওয়া হয়েছে বলে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৭ সালের ১৩ জুন টাঙ্গাইলের মির্জাপুরে ভগ্নিপতি মানিক মিয়ার বাড়িতে বেড়াতে যান শ্যালিকা হাসনা বেগম। ওই দিন রাত ১টার দিকে মানিক তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

ঘটনার প্রায় দুই মাস পর ওই বছরের ২০ অগাস্ট ১৯৯৫ সালের নারী ও শিশু  নির্যাতন (বিশেষ বিধান) আইনের ৬ (২) ও ১৪ ধারায় পুলিশ বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করে।

ঢাকার দ্রুত বিচার ট্রাই্যুনাল-৩ এই মামলায় ২০১০ সালের ২৯ ডিসেম্বর মানিক মিয়াকে মৃত্যুদণ্ড এবং তার বাবা রমজানকে আড়াই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়।

এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করে। পাশাপাশি ডেথরেফারন্স শুনানির জন্য হাই কোর্টে আসে। এসবের ওপর ১০ ডিসেম্বর শুনানি শেষে রোববার রায় ঘোষণার দিন রাখে আদালত।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম।

রায়ের পর শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “হাই কোর্ট আপিল আংশিক মঞ্জুর করে মানিকের দণ্ড বহাল রেখে তার বাবা রমজানকে খালাস দিয়েছে।”

মানিক বর্তমানে কারাগারে আছেন বলে জানান তিনি।