আইসিডিডিআর,বি: কোন কর্তৃত্ববলে মানবসম্পদ পরিচালক পদে ক্রিস্টিন
কলেরার চিকিৎসা ও গবেষণা কেন্দ্র আইসিডিডিআর,বি’র মানবসম্পদ পরিচালক ক্রিস্টিন ডেনহি কোন কর্তৃত্ববলে ওই পদে আছেন তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চে রোববার এ রুল দেয়।
ডেনহির পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ ডিসেম্বর এই রিট আবেদন করেন আইসিডিডিআর,বি’র মঙ্গল সংস্থার সভাপতি আযহারুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।
তার আইনজীবী এম মনজুর আলম জানান, ক্রিস্টিন ডেনহিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আইসিডিডিআর,বি’র বিধি লঙ্ঘন করে গত বছরের ২৮ অগাস্ট উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডেনহিকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।”
বিধিতে ১৮ থেকে ৫৮ বছর বয়সী কাউকে ওই পদে নিয়োগের সুযোগ থাকলেও ডেনহির নিয়োগের সময় তার বয়স ৫৯ বছরের বেশি ছিল বলে আবেদনকারীর দাবি।
মনজুর আলম বলেন, “ওই পদে প্রথমে অস্থায়ী নিয়োগের নিয়ম থাকলেও ডেনহিকে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়া হয়। এসব যুক্তিতে এই রিট আবেদন করা হয়েছে, আদালত রুল দিয়েছে।”
