২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদযাপনেও জাতিসংঘের চ্যালেঞ্জ মনে রাখতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

সাত দশক পূর্তিতে জাতিসংঘের অর্জন উদযাপনের সময় পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির ‘চ্যালেঞ্জগুলো’ ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 08:09 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

তিনি বলেছেন, “আমরা বিশ্বাস করি, অভাব ও অসাম্যের এই পরিবর্তনশীল বিশ্বে জাতিসংঘ এখনও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা, যার ওপর ছোট-বড় সব দেশই আস্থা রাখতে পারে।”

বৃহস্পতিবার রাতে রাজধানীতে জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাহমুদ আলী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতিসংঘকে শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও উন্নয়নের ক্ষেত্রে ‘যুগান্তকারী’ পদক্ষেপ নিতে দেখেছে বিশ্ব।

“সব মানুষের স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে চলেছে এই বিশ্বসংস্থা। আমাদের অনুধাবন করতে হবে, জাতিসংঘের সামনে চ্যালেঞ্জও রয়েছে।”

তবে ‘নিরপেক্ষ ও সার্বজনীন ভূমিকা’ জন্য জাতিসংঘের ওপর বাংলাদেশের ‘পূর্ণ আস্থা’ রয়েছে বলে জানান মন্ত্রী।

“বিপদাপন্ন বেসামরিক মানুষের জান-মালের নিরাপত্তায় প্রাধান্য দিয়ে আমরা জাতিসংঘ শান্তি মিশনে আমাদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখব।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ থেকে শান্তি ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠা পেয়েছিল জাতিসংঘ। ১৯৭৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ এর সদস্য হয়। পেশায় কূটনীতিক মাহমুদ আলীও সে সময় জাতিসংঘে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, যোগ দেওয়ার পর থেকে জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা ক্রমান্বয়ে জোরদার হয়েছে।

“জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তিপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকার ও সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রগুলোতে বাংলাদেশ এখন কৌশলগত অংশীদার।”