থানা থেকে পালাল মানবপাচারের আসামি, এসআই প্রত্যাহার
রাজধানীর পল্লবী থানা থেকে মানবপাচার মামলার এক আসামি পালিয়ে গেছে।
পালিয়ে যাওয়া আসামির নাম আতিকুর রহমান সূর্য। তার বাড়ির ঠিকানা জানা যায়নি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জিল্লুর রহমান নামে থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার কাইয়ুম-উজ- জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সূর্যকে গ্রেপ্তারের পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করছিলেন এসআই জিল্লুর। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসামিকে রেখে তিনি শৌচাগারে যান।
"এই সুযোগে আসামি পালিয়ে যায়।"
পল্লবী থানার ওসি দাদন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারীদের আটকে রেখে যৌনকর্মী হিসেবে কাজে বাধ্য করাসহ মানবপাচারের ঘটনায় চলতি মাসে দায়ের করা এক মামলার আসামি সূর্য।
