নারায়ণগঞ্জে গণপিটুনির ঘটনায় আসকের উদ্বেগ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালের আড়তে ডাকাতির অভিযোগে আটজনকে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বৃহস্পতিবার আসকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা মনে করি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সুষ্ঠু ও পরিণামদর্শিতার সঙ্গে পরিচালিত হলে জনগণের পক্ষে এমন সহিংস ও উন্মত্ত হওয়া সম্ভব হতো না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সুস্পষ্ট প্রতিফলন। এ ধরনের নৈরাজ্যকর ঘটনা আইনের শসনের প্রতি জনগণের আস্থাহীনতার স্বাক্ষর রাখে।”
পুলিশ বলছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ‘একদল ডাকাত’ আড়াইহাজারের পুরিন্দাবাজারের প্রহরীদের বেঁধে এক আরতের চাল লুটে ট্রাকে তোলার সময় জনতা তাদের ঘিরে ফেলে। তাদের পিটুনিতে আটজন নিহত হন, আহত হন আরও চারজন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসকের বিবৃতিতে বলা হয়, “গণপিটুনিতে মানুষ হত্যার ঘটনা এর আগেও ঘটেছে। সংবাদপত্রের খবরের ভিত্তিতে আমাদের তৈরি পরিসংখ্যান অনুযায়ী, এবছর সাত বিভাগে ১২৩ জন গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন।”
অপরাধ দমনের জন্য আইন ও বিচার ব্যবস্থা থাকার পরও ‘অসাংবিধানিক উপায়ে কাউকে শাস্তি দেওয়া এবং অপরাধীর বিচার ও শাস্তি বিধানের দায়িত্ব’ নিজ হাতে তুলে নেওয়ার এই প্রবণতা ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে আসক মনে করে।
আড়াইহাজারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও এ ধরনের গণপিটুনির ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি।
