চাকরি ফেরত চেয়ে বিজিএমইএ'র সামনে বিক্ষোভ
ঢাকার আশুলিয়ার তৈরি পোশাক কারখানা 'ফ্যাশন ক্রাফট নিটওয়্যার লিমিটেড' থেকে ছাঁটাই হওয়া ৭০ শ্রমিক চাকরিতে পুনর্বহালের দাবিতে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে এ অবস্থান নেন শ্রমিকরা।
চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।
শ্রমিকরা অভিযোগ করেন- স্ববেতনে মাতৃত্বকালীন ছুটি, প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত কার্য দিবসের মধ্যে পরিশোধ, প্রতি ১৮ দিন নিয়মিত কাজ করার বিপরীতে এক দিনের ছুটি বা অতিরিক্ত মুজুরি এবং ১৫ শতাংশ হারে বাৎসরিক ইনক্রিমেন্টসহ পাঁচ দফা দাবি তোলায় কারখানা মালিক তাদের ছাঁটাই করে।
'শ্রম বিধি'তে এসব সুবিধা শ্রমিকদের দেওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে পাঁচ দফা দাবিকে তাদের ন্যায্য দাবি বলে অভিহিত করেন আন্দোলনকারী শ্রমিকরা।
শ্রমিক রোজিনা বলেন, "আমরা কোনো বিশেষ সুবিধা দাবি করিনি। আইনে শ্রমিকদের যে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো না পেয়ে দাবি তুলেছি। তার পরিবর্তে চাকরি থেকে ছাঁটাই হতে হয়েছে।
“আমাদের চাকরি গেছে, এখন যদি পুলিশের মার খেতে হয় তাও খাব। কিন্তু সমস্যার সমাধান না হলে আমরা নড়ছি না।”
এসময় উপস্থিত অন্য শ্রমিকরা রোজিনার বক্তব্য সমর্থন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কোনো দাবি-দাওয়া কথা জানালে কারখানার বাইরে বের হওয়ার পর পরই ফ্যাশন ক্রাফটের মালিক বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের হুমকি দেয় বলে অভিযোগ করেন ছাঁটাই হওয়া আরেক শ্রমিক শাহজাহান।
তিনি বলেন, "মালিক কোনো দাবি মানতে চান না। জোর করে কাজ করাতে চায়। এখন আমাদের ছাঁটাই করা হচ্ছে। আমরা এর সমাধান চাই বিজিএমইএর কাছে।”
ফ্যাশন ক্রাফট নিটওয়্যার লিমিটেডের ছাঁটাই হওয়া এই ৭০ জন শ্রমিককে অবস্থান কর্মসূচিতে সহযোগিতা করছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
কর্মসূচিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সম্পাদক জলি তালুকদার, নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাভার আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বক্তব্য রাখেন।
জলি তালুকদার বলেন, “ফ্যাশন ক্রাফট নিটওয়্যারের চাকরিচ্যুত শ্রমিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। নতুবা ট্রেড ইউনিয়ন কেন্দ্র ব্যাপক আন্দোলন গড়ে তুলবে।”
অবস্থান কর্মসূচিতে বক্তব্য চলার সময় বিজিএমইএর লেবার সেলের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম এসে আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেন।
শ্রমিকদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে বিজিএমইএর লেবার সেলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিতে দেখা যায় তৈরি পোশাক রপ্তানিকারক সংগঠনের এই কর্মকর্তাকে।
