২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া পদক পাচ্ছেন বিবি রাসেল, তাইবুন নাহার

তাঁতশিল্প ও তাঁতীদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং কবি তাইবুন নাহার রশীদ মরণোত্তর বেগম রোকেয়া পদক পাচ্ছেন এ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 03:33 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোকেয়া পদকের জন্য তাদের নাম ঘোষণা করে।

নারী শিক্ষার বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার প্রতিবছর এই পদক দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার রোকেয়া পদক দেওয়া হবে। প্রত্যেকে এক লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র পাবেন।

ফ্যাশন ডিজাইনে স্নাতক ডিগ্রিধারী বিবি রাসেল বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন, তাঁতশিল্প ও তাঁতীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজের স্বীকৃতি হিসাবে এই পদক পাচ্ছেন।

মডেলিংয়ে ইউরোপে খ্যাতি অর্জনকারী বিবি রাসেল ১৯৫০ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ।পোশাক ডিজাইনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদি ও জামদানি শিল্পের উন্নয়নের লক্ষ্য নিয়ে ১৯৯০ সালে ঢাকায় ফেরেন তিনি।

অন্যদিকে তাইবুন নাহার ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষায় কবিতা লিখে সরকারের রোষানলে পড়েন।

১৯৭১ সালে দেশে অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে তিনি ঢাকায় মেয়েদের প্রশিক্ষণ দেন। এজন্য নয় মাস আত্মগোপনেও থাকতে হয়েছিল তাকে।

১৯১৯ সালের ৫ মে ঢাকা জেলায় জন্ম নেওয়া তাইবুন নাহার ১৯৫৪ সালে খুলনা শাখার মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

১৯৯৫-২০০০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা সমিতির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।