কমলাপুরে বাসচাপায় নারী শ্রমিকের মৃত্যু
রাজধানীর কমলাপুর রেল স্টেশনের কাছে চাররাস্তার মোড়ে বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
আহত হয়েছেন চার জন, যাদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।
ওই নারীর (৩০) নাম জানা না গেলেও তিনি কমলাপুরে পলিন গার্মেন্টসে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাত পৌনে ৯টার দিকে ওই ঘটনার পর পলিন গার্মেন্টেসের শ্রমিকরা রাস্তা ব্যারিকেড দিয়ে বিক্ষোভ দেখায়।
শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৯টার দিকে বলাকা ট্রান্সপোর্টের বাস একটি রিকশাকে ধাক্কা দিলে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় চার জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
চার জনের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন, রেহানা বেগম (২৭), হাজেরা বেগম (৩০) ও জসিম (২৮)।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক আব্দুল মাবুদ জানিয়েছেন, চালকসহ বাসটি আটক করা হয়েছে।
ঘটনার পর পলিন গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করে। এতে যান যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
