২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভা কেন্দ্রিক প্রকল্প একনেকে না তুলতে চিঠি

আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে পৌর এলাকায় রাজস্ব বা উন্নয়ন তালিকাভুক্ত প্রকল্প অনুমোদন স্থগিত রাখার জন্য পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 09:10 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব শামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সোমবার সন্ধ্যায় পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।

শামসুল আলম বলেন, “আমরা জানতে পেরেছি,  মঙ্গলবার একনেক বৈঠকে অনুমোদনের জন্য যেসব প্রকল্প তোলা হবে সেগুলোর মধ্যে নির্বাচনী এলাকার প্রকল্প রয়েছে। তাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য রাজস্ব বা উন্নয়ন তালিকাভুক্ত প্রকল্প অনুমোদন স্থগিত রাখার জন্য পরিকল্পনা কমিশনকে আজ চিঠি দিয়েছি।”

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার একনেক সভার কার্যতালিকায় এমন কয়েকটি প্রকল্প আছে, যা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভায় বাস্তবায়িত হবে।

প্রকল্পগুলোর মধ্যে আছে পশ্চিমাঞ্চলে নতুন সঞ্চালন লাইন নির্মাণের জন্য ‘পশ্চিমাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক প্রকল্প’।

প্রকল্প এলাকা হিসেবে নির্বাচন করা হয়েছে গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, বাগেরহাট, মংলা, ঝিনাইদহ, খুলনার গল্লামারী, সাতক্ষীরা, পাবনার ঈশ্বরদী ও ভাঙ্গুরা, রাজশাহী, বাঘাবাড়ী, বগুড়া ও মিঠাপুকুরকে।

এর অধিকাংশ এলাকায় আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন হওয়ার কথা।

‘বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক প্রশস্তকরণসহ উন্নয়ন ও ব্রিজ কালভার্ট নির্মাণ’ প্রকল্প একনেক সভায় অনুমোদনের জন্য পেশ করার কথা রয়েছে। বরিশালের ছয় পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে।

‘বাকেরগঞ্জ-পাদ্রীশিবপুর-কাঁঠালতলি-সুবিদখালী ও বরগুনা সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ’ প্রকল্পও একনেক সভায় উঠছে। ৩০ ডিসেম্বর বরগুনা সদর পৌরসভায় নির্বাচন হওয়ার কথা।

‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় মিশ্র ফল চাষ’ প্রকল্পও একনেক সভার কার্যতালিকায় রয়েছে। পার্বত্য তিনটি জেলার ২৬টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। অধিকাংশ এলাকায় ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন হওয়ার কথা।

‘সমন্বিত কৃষি কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়ন’ প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় পেশ করার কথা রয়েছে।

কুমিল্লা সদর জেলার দক্ষিণ, আদর্শ সদর ও বুড়িচং উপজেলার ৬৮টি গ্রাম জুড়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে। কুমিল্লার চান্দিনা, লাকসাম, দাউদকান্দি, বরুড়া, চৌদ্দগ্রাম ও হোমনা পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে।

‘ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন’ প্রকল্পটিও একনেকে সভায় উত্থাপন করার কথা।

প্রকল্পটি ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ২৯টি উপজেলায় বাস্তবায়িত হবে।

প্রকল্প এলাকা নির্বাচন করা হয়েছে কমলগঞ্জ, কুলাউড়া, আমতলী, কলাপাড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাচোল, বীরগঞ্জ, তানোর, গোদাগাড়ী, নেত্রকোণা, দূর্গাপুর ও নালিতাবাড়ী উপজেলা। ৩০ ডিসেম্বর এর অধিকাংশ এলাকার পৌরসভায় ভোট নেওয়ার কথা।

‘স্কিলস ডেভেলপমেন্ট’ প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় তোলার কথা রয়েছে।

এ প্রকল্প নির্বাচন হতে যাওয়া ২৩৫টি পৌরসভায়ই পড়েছে।

পরিকল্পনা কমিশনে পাঠানো চিঠিতে বলা হয়, নির্বাচন বিধিমালার ২৫ বিধি অনুসারে তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ও গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত কোনো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তালিকাভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন  ঘোষণা ও ভিত্তি স্থাপন করা যাবে না।

ইসি এর আগে ২ থেকে ৩০ ডিসেম্বর পৌর এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন, অনুদান, বরাদ্দ, ভিজিডি ও ভিজিএফ কার্ড ইস্যু, ত্রাণ বিতরণ কাজ না করার বিষয়ে ব্যবস্থা নিতে খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দিয়ে চিঠি দেয়।

এ বিষয়ে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, তফসিল ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত নির্বাচনী এলাকায় প্রকল্প অনুমোদন, ফলক উম্মোচনসহ উন্নয়ন বরাদ্দ, ত্রাণ বিতরণ ও অর্থ ছাড়ে বাধা-নিষেধ রয়েছে। বিষয়টি যথাযথভাবে অনুসরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দেওয়া হয়েছিল।

পুরনো খবর:

নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্প, ভিজিএফ কার্ড নয়