ঢাকার খাল উদ্ধারে মন্ত্রীর ‘কাঁটা তত্ত্ব’
রাজধানীর খাল দখলমুক্ত করতে রাজনৈতিক নেতাদের নেতৃত্বে কমিটি করে এগোতে চান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, যাকে তিনি বলছেন ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’।
ঢাকার দুই সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্টদের নিয়ে সোমবার সচিবালয়ে সভা শেষে মন্ত্রী বলেন, রাজধানীতে জলাবদ্ধতা নিরসরে স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে একটি কমিটি করা হয়েছে।
“খালের দুই পাড়ের স্থানীয় লোকদের নিয়ে কমিটি করা হবে। ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে প্রজেক্ট কমিটি করা হবে। তারা সম্মিলিতভাবে দখলমুক্ত (খাল) করে ওই জায়গাকে পাহারা দেবে, সুরক্ষা করবে।”
রাজধানীর দখল হয়ে যাওয়া খাল উদ্ধারে রাজনৈতিক বাধার প্রসঙ্গ তুলতেই মোশাররফ বলেন, “সেজন্যইতো রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা প্রজেক্ট কমিটি করব।”
“সে যদি দখলদার হয়ে থাকে, সে নিজে যদি দখলমুক্ত করে দেয় তাহলে তো আর সে সমস্যা থাকল না। এরে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা।”
এরপর হাসতে হাসতে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “গোমর ফাঁস করে দিওনারে ভাই। যে কাজটা করতে চাই তা করতে দাও।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানান, ঢাকায় ৪৬টি খাল আছে।
“খালের মালিকানা জেলা প্রশাসকের আর খাল পরিষ্কারের দায়িত্ব ওয়াসার। দখল-টখল কিন্তু উনারা করেন না। সাধারণ মানুষরাই দখল করে, সাধারণ মানুষরাই ময়লা ফেলে।”
সোমবারের সভায় ১৩টি খালের সচিত্র প্রতিবেদন মন্ত্রীকে দেখানো হয়েছে জানিয়ে মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে মন্ত্রী কিছু সিদ্ধান্ত দিয়েছেন।
“খাল দখল ঠেকাতে খালের দুপাড়ে কংক্রিট দিয়ে বাধাতে মন্ত্রী প্ল্যান করতে বলেছেন। আমরা দ্রুত গতিতে আগাব। খাল পরিষ্কার ও দখলমুক্ত করা প্রয়োজন।”
আনিসুল হক বলেন, “একবার যদি পরিষ্কার ও দখলমুক্ত (খাল) করে দেন এখন ইলেকটেড বডি আছে দখল যেন আর না হয়, ময়লা যেন আর না পড়ে তার দায়িত্ব এই ইলেকটেড বডি নেবে বলে আমরা মন্ত্রীকে বলেছি।”
গত সেপ্টেম্বরে বৃষ্টিপাতে ঢাকায় মানুষের জীবনযাত্রা অচল হয়ে গিয়েছিল উল্লেখ করে মোশাররফ বলেন, আগামী বর্ষায় ঢাকার কোনো অংশ যেন জলাবদ্ধতায় না পড়ে কমিটি জরুরিভিত্তিতে সেই প্ল্যান করেবে।
এছাড়া এই কমিটিকে জলাবদ্ধতা নিরসনে পাঁচ বছরের জন্য সমন্বিত একটি পরিকল্পনা করতেও বলা হয়েছে বলে জানান মন্ত্রী।
“আশা করছি আগামী মৌসুমে অত্যন্ত জটিল কোনো সমস্যা না হলে আমরা জলযটমুক্ত থাকতে পারব। কমিটি লং টার্ম প্ল্যান করবে যেন ঢাকায় জীবনেও জলাবদ্ধতা না হয়।”
স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওয়াসা, দুই সিটি করপোরেশন, ঢাকা জেলা প্রশাসন, রাজউক ছাড়াও সংশ্লিষ্টদের এই কমিটিতে রাখা হবে বলে জানান মন্ত্রী।
মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র দেশের বাইরে থাকায় এই করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা জেলা প্রশাসক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
