জার্মান রাষ্ট্রদূতের বক্তব্যে কর্মসংস্থানের আভাস
জার্মান ভাষা জানা থাকলে ইউরোপের শক্ত অর্থনীতির দেশটিতে বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে- এমন ইঙ্গিত দিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত থমাস প্রিন্স।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে নতুনভাবে সজ্জিত জার্মান ভাষার শ্রেণিকক্ষ উদ্বোধনে গিয়ে রাষ্ট্রদূত তার মাতৃভাষা শিখতে উৎসাহ দিয়ে বলেন, বাংলাদেশি তরুণ হলে প্রকৌশল বিষয়ে পড়ার পাশাপাশি তিনি জার্মান ভাষাও শিখতেন।
জার্মানিতে কাজের সুযোগ নিয়ে রাষ্ট্রদূত প্রিন্স বলেন, “ইউরোপের মধ্যভাগে অবস্থিত জার্মানি উচ্চ প্রযুক্তির দেশ। আমরা আমাদের মহাদেশের অর্থনৈতিক শক্তিকেন্দ্র। আমাদের কোম্পানিগুলো রপ্তানিমুখী এবং অনেক কোম্পানির বিশ্বজুড়ে শাখা রয়েছে। এই যেমন, সিমেন্স রয়েছে বাংলাদেশে।”
ভাষা শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, “বার্লিন, হামবুর্গ, ফ্রাঙ্কফুট, স্টুটগার্ট, মিউনিখের মতো শহরগুলো ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা ও সংস্কৃতি কেন্দ্র। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ বিনামূল্যে ইংরেজি মাধ্যমে বিশ্বমানের শিক্ষা দিয়ে থাকে।
“আমি যদি বাংলাদেশি যুবক হতাম, তাহলে আমি প্রকৌশল পড়তে যেতাম এবং জার্মান ভাষা শিক্ষাকে সমন্বিত করতাম। উভয়টিতে কৃতিত্ব একটা উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দেয়।”
ইউরোপের মতো এশিয়াতেও জার্মান ভাষা শেখার আগ্রহ বাড়লেও তুলনামূলক তা কম বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ইফফাত আরা নাসরীন মজিদ, সিমেন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইন্দনীল লাহিড়ী, জার্মান বিভাগের প্রধান আশরাফ-উজ-জামান প্রমুখ।
সিমেন্সের অর্থায়নে জার্মান ভাষা বিভাগের শ্রেণিকক্ষ নতুনভাবে সজ্জিত করা হয়েছে।
